১৮তম নিবন্ধন: সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়োগের দাবিতে শাহবাগে কর্মসূচি

১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ৬০ হাজার ৬৩৪ জন উত্তীর্ণ হয়েছিলেনছবি: ফাইজার মো. শাওলীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীরা নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তিন শতাধিক প্রার্থী।

আন্দোলনকারীদের দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও তাঁরা সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ পাননি। তাঁদের ভাষ্য, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ না থাকায় এবং আগে সুপারিশ পাওয়া প্রার্থীদের আবার আবেদনের সুযোগ থাকায় তাঁরা নিয়োগবঞ্চিত হয়েছেন।

আরও পড়ুন

প্রার্থীরা জানান, তাঁদের নিয়োগের দাবিতে ইতিমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক স্মারকলিপি দেওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচিও পালন করেছেন তাঁরা।

আন্দোলনকারীদের দাবি, গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে এনসিটিবি ভবনে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়। ওই সময় মন্ত্রী তাঁদের দাবি শোনেন এবং এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানান প্রার্থীরা।

আরও পড়ুন
১৮তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের সুপারিশ না পেয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন
ছবি: ফাইজার মো. শাওলীন

এদিকে বেলা দুইটার দিকে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষা মন্ত্রণালয়ে যায়। প্রতিনিধিদলের আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ৬০ হাজার ৬৩৪ জন উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ। তাঁদের মধ্যে ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন।

আরও পড়ুন