১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী

ছবি: প্রথম আলো

ঊনবিংশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৯তম বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর প্রিলিমিনারি (প্রাথমিক) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগের লক্ষ্য নিয়ে আয়োজিত এই পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৪৩ জন প্রার্থী। প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, নির্ধারিত ২৫০টি পদের বিপরীতে প্রিলিমিনারিতে পাস করার হার মাত্র ১৩৭ দশমিক ২ শতাংশ।

গতকাল রোববার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের প্রিলিমিনারি পরীক্ষার এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুডিশিয়াল সার্ভিস প্রাথমিক পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ১৯তম বিজেএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৩৪৩ জন প্রার্থী নির্ধারিত এই ন্যূনতম উত্তীর্ণ নম্বর অর্জনে সক্ষম হয়েছেন।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৫০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ন্যূনতম নম্বর পাওয়া এই ৩৪৩ জন প্রার্থীকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। সহকারী জজের ২৫০টি পদের বিপরীতে মাত্র ৩৪৩ জন উত্তীর্ণ হওয়ায় প্রতিটি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ১ দশমিক ৩৭ জন প্রার্থী।

আরও পড়ুন

কমিশন জানিয়েছে, প্রকাশিত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই ৩৪৩ জন প্রার্থীর জন্য পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) মুখোমুখি হতে হবে। লিখিত পরীক্ষার বিস্তারিত তারিখ, সময় ও স্থানসংক্রান্ত সময়সূচি শিগগিরই জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (www.bjsc.gov.bd) ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।