লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের পারস্পরিক বদলির সুযোগ প্রদানের দাবি

ছবি: প্রথম আলো

লটারির মাধ্যমে পদায়নপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে বদলির সুযোগ চালুর দাবি জানিয়েছেন ২০২৫ ব্যাচের সদ্য চাকরিতে যোগ দেওয়া সহকারী শিক্ষকেরা। যাতায়াতের দুর্ভোগ, বাসস্থান, পারিবারিক দায়িত্ব ও নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত এ ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লটারির মাধ্যমে পদায়নপ্রাপ্ত অনেক শিক্ষককে নিজ বাড়ি থেকে দূরবর্তী ও দুর্গম এলাকায় কর্মস্থল দেওয়া হয়েছে। এতে তাঁদের যাতায়াত, বাসস্থান ও পারিবারিক দায়িত্ব পালনে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে চরাঞ্চল ও হাওরাঞ্চলের মতো এলাকায় যাতায়াতব্যবস্থা দুর্বল হওয়ায় শিক্ষকদের দুর্ভোগ আরও বেশি।

এ পরিস্থিতিতে যেসব শিক্ষক পারস্পরিক সম্মতির ভিত্তিতে একে অপরের কর্মস্থলে যেতে আগ্রহী, তাঁদের জন্য দ্রুত পারস্পরিক বদলির সুযোগ চালু করা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

নারী শিক্ষকদের বদলিতে বিশেষ বিবেচনার দাবি

প্রেস বিজ্ঞপ্তিতে নারী শিক্ষকদের বাস্তব সমস্যাগুলো বিশেষভাবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তাঁদের পারিবারিক দায়িত্ব, নিরাপত্তা, যাতায়াতের অসুবিধা ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পারস্পরিক বদলির আবেদনে অগ্রাধিকার দেওয়া অথবা প্রক্রিয়াটি সহজ করার দাবি জানানো হয়।

আরও পড়ুন

দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়া চালুর আহ্বান

লটারিতে পদায়নপ্রাপ্ত শিক্ষকদের জন্য স্বচ্ছ, সহজ ও দ্রুত পারস্পরিক বদলির ব্যবস্থা চালু করা হলে অনেক অনাকাঙ্ক্ষিত ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষকদের বাস্তব সমস্যা ও পারস্পরিক সম্মতির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পারস্পরিক বদলির সুযোগ চালুর আহ্বান জানানো হয়।

আরও পড়ুন