চাকরি প্রস্তুতিতে গুরুত্ব দেবেন যে পাঁচ বিষয়ে
সংবাদপত্র ও বই পাঠের অভ্যাসের পর শুরু করতে হবে দ্বিতীয় ধাপের প্রস্তুতি। এই ধাপে নির্দিষ্ট পরীক্ষার কাঠামো ও চাহিদা অনুযায়ী পরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করতে হবে। লক্ষ্যভিত্তিক ও কৌশলগত প্রস্তুতি নিলে সাফল্যের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে প্রথমেই সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নপদ্ধতি, নম্বর বণ্টন, বিষয়ভিত্তিক গুরুত্ব এবং সময়সীমা সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে।
বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নের ধরন ও বিষয়ভিত্তিক গুরুত্ব এক রকম নয়। তাই বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে কোন বিষয় থেকে কী ধরনের প্রশ্ন বেশি আসে, কোন অধ্যায়গুলো তুলনামূলক গুরুত্বপূর্ণ এবং কোথায় নিজের দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করা প্রয়োজন। তবে বিগত বছরের প্রশ্নপত্রকে কেবল সম্ভাব্য প্রশ্নের তালিকা হিসেবে বিবেচনা করা উচিত নয়; বরং পরীক্ষার প্রকৃতি ও প্রশ্ন প্রণয়নের প্রবণতা বোঝার উপকরণ হিসেবে ব্যবহার করা উচিত।
যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন
প্রথমত, ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত ফ্রি-হ্যান্ড রাইটিংয়ের অনুশীলন করতে হবে। শুধু ব্যাকরণের নিয়ম জানা বা শব্দের অর্থ মুখস্থ করাই যথেষ্ট নয়; নিজের চিন্তা ও বক্তব্যকে সঠিক, সাবলীল এবং অর্থবহ বাক্যে প্রকাশ করার সক্ষমতাও অর্জন করতে হবে।
দ্বিতীয়ত, গণিতসহ প্রতিটি বিষয়েই মৌলিক ধারণা বা কনসেপ্ট পরিষ্কার রাখতে হবে। কোনো সূত্র বা নিয়মের পেছনের যুক্তি না বুঝে মুখস্থ করলে নতুন ধরনের সমস্যার সমাধান করা কঠিন হয়ে পড়ে।
তৃতীয়ত, সময় ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সক্ষমতা অর্জনের জন্য নিয়মিত সময় ধরে মডেল টেস্ট ও অনুশীলন করা প্রয়োজন।
চতুর্থত, পরীক্ষার হলে প্রশ্ন মনোযোগ দিয়ে পড়তে হবে। অনেক সময় প্রশ্নের মূল বক্তব্য বা শর্ত ঠিকভাবে অনুধাবন না করার কারণে জানা বিষয়েও ভুল উত্তর দেওয়া হয়।
পঞ্চমত, প্রস্তুতির পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে হবে। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত শরীরচর্চা এবং পরিমিত বিশ্রাম ছাড়া দীর্ঘমেয়াদি পড়াশোনায় কাঙ্ক্ষিত মনোযোগ ও কার্যকারিতা ধরে রাখা কঠিন।
নিজের পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা বিকাশ জরুরি
আমাদের সমাজে সরকারি চাকরি কিংবা ব্যাংকের চাকরির প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। ফলে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই নিজেদের যাবতীয় প্রচেষ্টা একটি নির্দিষ্ট চাকরি পাওয়ার লক্ষ্যে নিয়োজিত করেন। চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা ও সে অনুযায়ী পরিকল্পিত প্রস্তুতি গ্রহণ নিঃসন্দেহে ইতিবাচক।
তবে একটি বিষয় মনে রাখা প্রয়োজন প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রত্যেকের প্রত্যাশিত সাফল্য আসবে, এমন নিশ্চয়তা নেই। তাই চাকরির প্রস্তুতির পাশাপাশি নিজের পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা বিকাশের দিকেও সমান মনোযোগ দেওয়া জরুরি। যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, বিশ্লেষণী সক্ষমতা, সমস্যা সমাধানের যোগ্যতা এবং বাস্তবমুখী চিন্তাভাবনা একজন মানুষকে চাকরির পরীক্ষার বাইরেও অসংখ্য সম্ভাবনার জন্য প্রস্তুত করে।
চাকরির পরীক্ষা নিঃসন্দেহে একজন প্রার্থীর ধৈর্য, অধ্যবসায়, পরিশ্রম ও আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা। কিন্তু এই প্রস্তুতির প্রকৃত সার্থকতা কেবল একটি চাকরি অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। প্রস্তুতির মধ্য দিয়ে যদি একজন মানুষ তাঁর জ্ঞানের পরিধি বাড়াতে পারেন, চিন্তার গভীরতা অর্জন করতে পারেন এবং নিজের যোগ্যতাকে আরও সমৃদ্ধ করতে পারেন, তাহলেই সেই প্রচেষ্টা দীর্ঘ মেয়াদে অর্থবহ হয়ে উঠবে।
সাফল্যের কোনো নিশ্চিত শর্টকাট নেই। প্রয়োজন সুপরিকল্পিত প্রস্তুতি, নিয়মিত অধ্যয়ন, ধৈর্য, অধ্যবসায় এবং নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার আন্তরিক প্রচেষ্টা। মুখস্থনির্ভরতা সাময়িকভাবে পরীক্ষায় ভালো ফল এনে দিতে পারে, কিন্তু প্রকৃত জ্ঞান ও দক্ষতাই একজন মানুষকে দীর্ঘ মেয়াদে এগিয়ে নেয়। তাই চাকরির প্রস্তুতি হোক শুধু একটি পদ অর্জনের প্রতিযোগিতা নয়, বরং নিজেকে একজন স্বশিক্ষিত, জ্ঞানসমৃদ্ধ, দক্ষ, বিবেকবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রয়াস।
* লেখক: মো. নাঈম হোসাইন, উপপরিচালক, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা