নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা
নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত আদেশে অবসর-উত্তর ছুটি, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ এবং আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবি পুনর্নির্ধারণ বিষয়ে নতুন বিধান যুক্ত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল আদেশের অনুচ্ছেদ ১-এর দফা (৩)-এর উপ-দফা (জ)-এর পর নতুন উপ-দফা (জজ) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখের পর থেকে সংশোধিত আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে অবসর-উত্তর ছুটি শেষে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে উপ-দফা (ঝ)-এর বিধান সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ প্রাপ্য হলে তা পরিশোধ করতে হবে। এ ছাড়া উপ-দফা (ঝ)-এর পর নতুন দুটি উপ-দফা (ঝঝ) ও (ঝঝঝ) যুক্ত করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাদের অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিকের পরিমাণ উপ-দফা (ঙ), (চ), অনুচ্ছেদ ৫-এর উপ-দফা (জ), অনুচ্ছেদ ৭ ও ৮-এর বিধান অনুসারে নির্ধারণ ও পরিশোধ করা হবে।
অন্যদিকে যেসব কর্মচারী ২ জুলাই ২০২৬ তারিখে বা এর পর অবসর-উত্তর ছুটিতে গেছেন কিংবা যাবেন, তাঁদের অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী উপ-দফা (ক), (খ), (গ) ও (ঞ)-এর বিধান অনুসারে পরিশোধ করতে হবে। ছুটি শেষে তাঁদের নিট পেনশন ও আনুতোষিকের পরিমাণ উপ-দফা (ঙ), (চ) এবং অনুচ্ছেদ ৭ ও ৮-এর প্রযোজ্য বিধান অনুসারে নির্ধারণ ও পরিশোধ করা হবে।
প্রজ্ঞাপনে মূল আদেশের অনুচ্ছেদ ৫-এও সংশোধনী আনা হয়েছে। এর উপ-দফা (জ)-এর পর নতুন ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখের আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা এরপরও চলমান রয়েছে, তাঁদের অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে।
বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা—
এদিকে নতুন পে–স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। বুধবার অর্থ বিভাগের অপর প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময়ও এ নিয়ম অনুসরণ করা হবে। তবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই বিনোদন ভাতা নির্ধারণ করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে তাঁর বেতন পুনর্নির্ধারিত হলেও এ বাবদ কোনো বকেয়া অর্থ পাবেন না। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।