বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দুই ধাপে, সূচি প্রকাশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সুপারসহ বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত এই তারিখেই পরীক্ষা গ্রহণের জন্য সূচি আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এদিকে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক প্রথম আলোকে জানান, এবার নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে দুই ধাপে—লিখিত ও মৌখিক পরীক্ষা। আবেদনকারীদের ১২ এপ্রিলের মধ্যে প্রবেশপত্র দেওয়া হতে পারে।
এমসিকিউ পরীক্ষার সময়সূচি
৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৮ এপ্রিল ২০২৬ তারিখে ৪টি গ্রুপে আলাদা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ৪টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমসিকিউ পরীক্ষার সময়সূচি
ক-গ্রুপ
সময়: সকাল ৯:০০– ১০:০০টা
পদ: ১. অধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজ
২. অধ্যক্ষ, ব্যবসায় ব্যবস্থাপনা
৩. অধ্যক্ষ, চারুকলা ডিগ্রী কলেজ
৪. উপাধ্যক্ষ, কামিল মাদ্রাসা
৫. প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়
৬. সুপার, দাখিল মাদ্রাসা
খ-গ্রুপ
সময়: বেলা ১১:৩০– ১২:৩০টা
পদ: ১. অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজ
২. অধ্যক্ষ, ফাজিল মাদ্রাসা
৩. অধ্যক্ষ, চারুকলা প্রি-ডিগ্রী
৪. উপাধ্যক্ষ, আলিম মাদ্রাসা
৫. সহ: সুপার, ভোকেশনাল
গ-গ্রুপ
সময়: দুপুর ২:০০–৩:০০টা
পদ: ১. অধ্যক্ষ, কামিল মাদ্রাসা
২. অধ্যক্ষ, আলিম মাদ্রাসা
৩. অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
৪. সহ: প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়
৫. সুপার, ভোকেশনাল
ঘ-গ্রুপ
সময়: বিকেল ৪.৩০–৫.৩০টা
পদ: ১. অধ্যক্ষ, কৃষি
২. উপাধ্যক্ষ, ফাজিল মাদ্রাসা
৩. উপাধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজ
৪. উপাধ্যক্ষ, চারুকলা ডিগ্রী কলেজ
৫. প্রধান শিক্ষক, নিম্নমাধ্যমিক বিদ্যালয়
৬. সহ: সুপার, দাখিল মাদ্রাসা
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন https://ntrca.gov.bd বা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে।
নিয়োগপ্রক্রিয়া ও নম্বর বণ্টন—
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, এবার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের দুটি ধাপ পার হতে হবে। প্রথমে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ঘণ্টা সময়ের এই পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রার্থীকে আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় ৮০, মৌখিক পরীক্ষায় ৮ এবং শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল অনুযায়ী এই ১২ নম্বর প্রদান করা হবে।
চূড়ান্ত নির্বাচন ও পছন্দক্রম
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম (Choice List) নেওয়া হবে। এনটিআরসিএ প্রার্থীদের পছন্দক্রম ও মেধা যাচাই-বাছাই করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ বা সংযুক্ত করবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে আবেদনের সময়সীমা শেষ হয়েছে ৪ এপ্রিল। এনটিআরসিএর হিসাব অনুযায়ী, এসব পদের বিপরীতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। দীর্ঘদিন পর বড় পরিসরে এই প্রশাসনিক পদগুলোতে নিয়োগপ্রক্রিয়া শুরু হওয়ায় প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।