নতুন সদস্যদের মধ্যে বিসিএসের দায়িত্ব বণ্টন হচ্ছে আজ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চলমান বিসিএস পরীক্ষার দায়িত্ব বণ্টন হচ্ছে। কোন সদস্য কোন বিসিএসের দায়িত্ব পাচ্ছেন, তা ঠিক করা হবে আজ রোববার। পিএসসির এক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, পিএসসির মোট সদস্য ৯ জন। কোরাম পূর্ণ হয়েছে। আটকে থাকা বিসিএসের গতি ফেরাতে আজ সদস্যদের মধ্যে বিসিএসের দায়িত্ব বণ্টন হচ্ছে। যাঁর যাঁর দায়িত্বে থাকা বিসিএসের কাজ সেই সদস্য সমন্বয় করবেন। এতে গতি ফেরানো যাবে বলে মনে করেন ওই কর্মকর্তা।
এদিকে ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি নির্ধারিত সময়ের আগেই হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির নিয়ম অনুসারে ৩০ নভেম্বর নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা। তবে এবার কিছুদিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশের কথা ভাবছে পিএসসি। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘৪৭তম বিসিএসের সবকিছু তৈরি হচ্ছে। ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এ চিঠি পাঠানো হয়েছে পিএসসিতে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৬০ শূন্য পদে ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এখন আমরা দ্রুতই বিজ্ঞপ্তি দেব।’ তিনি জানান, পিএসসির নিয়ম অনুসারে ৩০ নভেম্বর নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা। তবে এবার কিছুদিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশের কথা ভাবছে পিএসসি।
পিএসসিতে পাঠানো চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগগুলোর চাহিদা মোতাবেক ৩ হাজার ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে।