এনটিআরসিএর ১৯৫ সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নতুন প্রতিষ্ঠানে বদলি
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ ও সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ প্রার্থীকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিস্থাপন করা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। প্রতিস্থাপন করা প্রার্থীদের নতুন প্রতিষ্ঠানের নাম ও যোগদানের তারিখ নিয়োগ সুপারিশপত্রে উল্লেখ থাকবে।
সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় প্রতিস্থাপন করা প্রার্থীদের এনটিআরসিএ অথবা টেলিটকের ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে। অন্যদিকে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় প্রতিস্থাপন করা প্রার্থীদের নিজস্ব ই-মেইল থেকে সুপারিশপত্র ডাউনলোড করতে হবে।
সুপারিশপত্রে উল্লেখিত শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।