৫ মে শুরু ৪৭তম বিসিএসের ভাইভা, ফরম পূরণে পিএসসির নির্দেশনা

প্রতীকী ছবি: প্রথম আলো

৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৫ মে থেকে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৩ হাজার ৬৩১ প্রার্থীর (জেনারেল ক্যাডার) মৌখিক পরীক্ষা শুরু হবে। ভাইভায় অংশ নেওয়ার আগে প্রার্থীদের বাধ্যতামূলকভাবে অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করে জমা দিতে হবে। কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পিএসসি জানিয়েছে, প্রার্থীদের ৪৭তম বিসিএসের নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কমিশনের ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানে নির্ধারিত ফরমটি অনলাইনে বাংলায় পূরণ করে জমা দেওয়ার পর তার দুই কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এই প্রিন্ট করা ফরমের দুই কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দেওয়া বাধ্যতামূলক। ফরম পূরণ ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

অনলাইনে আবেদনের নিয়ম

বিজ্ঞপ্তি অনুযায়ী, লগইন করার পর প্রার্থীদের ‘পারসোনাল ইনফরমেশন’ ফিল্ডে গিয়ে নিজের তথ্য বাংলায় টাইপ করতে হবে। সেখানে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে চারটি নির্দিষ্ট অপশন—মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনার সন্তান ও নন-ফ্রিডম ফাইটারের মধ্যে যেটি প্রার্থীর জন্য প্রযোজ্য, সেটি নির্বাচন করতে হবে। এরপরই বিপিএসসি ফরম-৩ দৃশ্যমান হবে এবং প্রার্থীরা তাঁদের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন।

আরও পড়ুন

সংশোধন ও কারিগরি পরামর্শ

ফরম সাবমিট করার আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। তবে সাবমিট করার পরও কোনো ভুল সংশোধনের প্রয়োজন হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবার ‘এডিট’ করার সুযোগ থাকছে। প্রার্থীদের ব্যবহৃত কম্পিউটারে ইউনিকোড আপডেটেড ব্রাউজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসনবিন্যাস কমিশনের ওয়েবসাইট এবং সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের ভাইভার বোর্ডে অনলাইন থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-৩-এর পাশাপাশি প্রয়োজনীয় মূল সনদপত্রগুলো সঙ্গে নিয়ে আসতে হবে।

আরও পড়ুন