স্পারসো দিচ্ছে রিসার্চ ফেলোশিপ
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) ফেলোশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি ক্যাটাগরিতে ফেলোশিপ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, জুনিয়র রিসার্চ ফেলো ও রিসার্চ অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ফেলোশিপের সুযোগ রয়েছে স্পারসোতে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ সর্বোচ্চ ২০ জন ও রিসার্চ অ্যাসোসিয়েট সর্বোচ্চ ১০ জন নেওয়া হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ ফেলোশিপের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করতে পারবে।
জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে আবেদনের জন্য কমপক্ষে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে। বয়স কমপক্ষে ১৮ বছর। ফেলোশিপের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। মাসিক সম্মানী ১৮ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। রিসার্চ অ্যাসোসিয়েট ফেলো হিসেবে আবেদনের জন্য স্নাতক পাস হতে হবে এবং দুই বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২৩ বছর এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ২৪ বছর। রিসার্চ অ্যাসোসিয়েট ফেলোশিপের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। মাসিক সম্মানী ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত।