এনটিআরসিএ ৯ম শিক্ষক নিয়োগে ই-রিকুইজিশনের সময়সীমা বৃদ্ধি
এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য ই-রিকুইজিশন জমা দেওয়ার সময়সীমা বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ এপ্রিল ২০২৬ রাত ১২টা পর্যন্ত এ কার্যক্রম চালানো যাবে। আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে নির্ধারিত সময় অনুযায়ী গত ৩১ মার্চ থেকে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে ই-রিকুইজিশন জমা দেওয়ার সুযোগ ছিল। তবে প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সময়সীমা ২ দিন বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ৭ম নিয়োগ সুপারিশ (বিশেষ) বিজ্ঞপ্তি ২০২৫-এর সময় ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করেছে, তারাই কেবল এ বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে ই-রিকুইজিশন দিতে পারবে। নির্ধারিত ওয়েবসাইট অথবা এনটিআরসিএর নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে প্রতিষ্ঠানপ্রধানদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন সম্পন্ন করতে হবে। ফরম পূরণের পর ২৪ ঘণ্টার মধ্যে ২০০ টাকা ফি জমা দিতে হবে।
৯ম এনটিআরসিএ শিক্ষক নিয়োগের লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্য পদের তথ্য সংগ্রহ চলমান রয়েছে। এ প্রক্রিয়ায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত শূন্য পদ অন্তর্ভুক্ত করা হয়েছে।