এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার শিল্প খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন ২০২৩ (লটারি)-এর উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন শেষ হয়েছে। আজ সোমবার সকালে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ফেসবুকে পেজে এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকের নোটিশে বলা হয়, কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে অনলাইন নিবন্ধন-২০২৩-এ লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত ২০ হাজার জন প্রার্থী চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছেন।
নিবন্ধন করা এই ২০ হাজার প্রার্থীদের কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতির জন্য পরামর্শ দেওয়া হয়েছে নোটিশে। নির্ধারিত প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন ১৩ জুন থেকে শুরু হয়েছে। অপেক্ষমাণ ৭ হাজার জনসহ মোট ২৭ হাজার ব্যক্তি লটারিতে উত্তীর্ণ হয়েছিলেন।
সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর জন্য কয়েক ধাপে প্রার্থী নির্বাচন করে বোয়েসেল। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা চুক্তি হয়। এ চুক্তির ভিত্তিতে ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া (এইচআরডি কোরিয়া) কর্মী পাঠানোর কার্যক্রম বাস্তবায়ন করছে।
সরকারিভাবে স্বল্প খরচে দক্ষিণ কোরিয়ায় যেতে আরও বিস্তারিত তথ্য জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন বোয়েসেলের ইপিএস শাখায়। ঠিকানা: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, প্রবাসীকল্যাণ ভবন (৪র্থ তলা) রমনা, ঢাকা-১০০০। ফোন: ৪৮৩১৯১২৫, ৪৮৩১৭৫১৫, ৫৮৩১১৮৩৮। ওয়েবসাইট: www.boesl.gov.bd