যে পেশায় বছরে বেতন প্রায় আড়াই কোটি টাকা

প্রথম আলো ফাইল ছবি

ফরওয়ার্ড-ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার (এফডিই), অনেকের কাছে কম পরিচিত একটি পেশা। তবে চাকরির বাজারে দ্রুত সবচেয়ে চাহিদাসম্পন্ন পেশায় পরিণত হচ্ছে এটি। চাহিদা ও দক্ষতার সঙ্গে তাল মিলিয়ে বেতনও তাই আকাশছোঁয়া, বছরে ১ লাখ ৭০ হাজার থেকে ২ লাখ ডলার বা প্রায় ২ কোটি ৯ লাখ থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা।

ফরওয়ার্ড-ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার কী করেন—

এই পেশার ধারণাটি প্রথম জনপ্রিয় করে প্যালান্টির টেকনোলজিস (Palantir Technologies)। এফডিই ইঞ্জিনিয়াররা সাধারণত কোম্পানির অফিসে বসে কাজ করেন না, বরং ক্লায়েন্ট প্রতিষ্ঠানের ভেতরে বা তাদের সঙ্গে সরাসরি কাজ করেন।
তাদের প্রধান কাজ হলো:
– এআই প্ল্যাটফর্ম বাস্তব ব্যবসার সঙ্গে যুক্ত করা
– কাস্টম সফটওয়্যার ও টুল তৈরি করা
– কাজের প্রক্রিয়া পুনর্গঠন করা
– ক্লায়েন্টের সমস্যার ভিত্তিতে দ্রুত প্রযুক্তিগত সমাধান দেওয়া
অর্থাৎ তারা একই সঙ্গে ইঞ্জিনিয়ার, কনসালট্যান্ট এবং প্রোডাক্ট স্পেশালিস্ট হিসেবে মিশ্র ভূমিকা পালন করেন।

আরও পড়ুন
প্রথম আলো ফাইল ছবি

এক বছরের প্রায় ৭২৯ শতাংশ বৃদ্ধি—

চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ অনুযায়ী, গত এক বছরে ফরওয়ার্ড-ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার পদের চাহিদা নাটকীয়ভাবে বেড়েছে। এই পদে ২০২৫ সালের এপ্রিল চাকরির বিজ্ঞাপন ছিল ৬৪৩টি। ২০২৬ সালের এপ্রিল নাগাদ সংখ্যাটি ৫ হাজার ৩৩০। অর্থাৎ প্রায় ৭২৯ শতাংশ বছরওয়ারি বৃদ্ধি, যা টেক ইন্ডাস্ট্রির অন্যতম দ্রুততম প্রবৃদ্ধি। গুগল, ওপেনএআই, এন্থ্রোপিক ও স্ট্রাইপের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানি এই পদে নিয়োগ দিচ্ছে।

যে কারণে বেতন এত বেশি—

এই পদের বেতন বছরে সাধারণত ১ লাখ ৭০ হাজার থেকে ২ লাখ ডলার বা প্রায় ২ কোটি ৯ লাখ থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা। এর কারণ হলো, এই কাজের জন্য খুব বিরল দক্ষতার প্রয়োজন হয়—একদিকে শক্তিশালী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দক্ষতা, অন্যদিকে ব্যবসা বোঝার ক্ষমতা ও যোগাযোগ দক্ষতা।

আরও পড়ুন

চাকরি হারানোর নয়, বরং নতুন চাকরি তৈরির গল্প—

এআই নিয়ে সাধারণত চাকরি হারানোর ভয় থাকলেও ফরওয়ার্ড-ডিপ্লয়েড ইঞ্জিনিয়ারদের উত্থান দেখাচ্ছে ভিন্ন চিত্র। প্রতিটি প্রতিষ্ঠানে এআই বাস্তবায়নের জন্য এখন এমন বিশেষজ্ঞ প্রয়োজন, যাঁরা প্রযুক্তিকে বাস্তব ব্যবসার সমস্যায় কাজে লাগাতে পারেন। ফলে এআই শুধু চাকরি কমাচ্ছে না—নতুন উচ্চমূল্যের চাকরিও তৈরি করছে।
এভাবে ফরওয়ার্ড-ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার আজকের টেক দুনিয়ায় সবচেয়ে দ্রুত বর্ধনশীল ও গুরুত্বপূর্ণ পেশাগুলোর একটিতে পরিণত হচ্ছে।