চাকরি বাজার-২০২০: আশা দুটি বিসিএসে
চাকরির জন্য ভালো ছিল না ২০২০। বছরের শুরুতে বেশ কিছু সরকারি-বেসরকারি চাকরির বিজ্ঞাপন থাকলেও করোনাভাইরাসের প্রভাবে মার্চে তা একেবারে সীমিত হয়ে আসে। পত্রিকায় পাশাপাশি চাকরির ওয়েব পোর্টালেও বিজ্ঞাপন কমে আসে। তবে বছরের শেষ দিকে দুটি বিসিএসের বিজ্ঞাপনে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।
চাকরির বাজার নিয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, চাকরিপ্রার্থী ও চাকরিজীবীদের জন্য ২০২০ ভালো ছিল না। অনেকে চাকরি হারিয়েছেন। কোনো কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিশেষ করে পর্যটন, পরিবহনের মতো কিছু খাত তো একদমই দাঁড়াতে পারেনি। করোনার টিকা পাওয়া গেলে আস্থা ফিরে সংক্রমণ কমে এলে সেই খাতগুলো যখন ঘুরে দাঁড়াবে, তখন কর্মসংস্থান বাড়বে। তবে বছরের শেষ দিকে দুটি বিসিএস অবশ্যই চাকরিপ্রার্থীদের জন্য একটি আশার আলো।
করোনায় একের পর এক পরীক্ষা স্থগিত
গেল বছরের মার্চে করোনার প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে একের পর এক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন সাড়ে চার লাখের বেশি প্রার্থী। করোনায় তা আটকে আছে, এখন পরীক্ষা হয়নি। কবে অনুষ্ঠিত হতে পারে, তা বলতে পারেনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দুদকের সহকারী পরিচালকসহ দুটি নিয়োগ পরীক্ষায় লক্ষাধিক প্রার্থীর পরীক্ষা আটকে যায়। খাদ্য অধিদপ্তরের ১৫ লাখ প্রার্থীর পরীক্ষা নিতে পারেনি সংস্থাটি। একইভাবে ৭ ব্যাংকের সমন্বিত নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা বন্ধ হয় করোনার কারণে।
নতুন চাকরির বাজারে ধস
সংবাদপত্র, চাকরির ওয়েব পোর্টাল বিশ্লেষণ করে দেখা গেছে, করোনার প্রভাবে নতুন সরকারি চাকরির বড় কোনো বিজ্ঞপ্তি ছিল না। বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিও কমে যায়। সংবাদপত্রে সবচেয়ে বেশি চাকরির বিজ্ঞপ্তি দেয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। কিন্তু করোনায় এসব প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি ছিল হাতে গোনা।দেশের চাকরির বড় ওয়েব পোর্টাল বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর প্রথম আলোকে বলেন, ‘এপ্রিল ও মে মাসে আমাদের ওয়েব পোর্টালে প্রায় ৮০ শতাংশ বিজ্ঞাপন কম আসে। অনেক প্রতিষ্ঠান নিয়োগপ্রক্রিয়া স্থগিত করে। যেসব প্রতিষ্ঠান মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করেছিল, তারা সে প্রক্রিয়া বন্ধ করে দেয়।’
চাকরির বাজার নিয়ে ২০০০ সালের মাঝামাঝি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশে চাকরির বাজারে ধস নেমেছে। বিজ্ঞাপন ব্যাপকভাবে কমেছে। গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে চাকরির বিজ্ঞাপন ৩৫ শতাংশ কম ছিল। গত এপ্রিলে কমেছে ৮৭ শতাংশ। এপ্রিলে পোশাক ও শিক্ষা খাতে ৯৫ শতাংশ কম চাকরির বিজ্ঞাপন দেখা গেছে। উৎপাদন শিল্পে ৯২ শতাংশ কম চাকরির বিজ্ঞাপন এসেছে। স্বাস্থ্য খাতে চাকরি কমেছে ৮১ শতাংশ। তথ্যপ্রযুক্তিকে আগামীর সম্ভাবনা হিসেবে ধরা হয়, সেই খাতে চাকরির বিজ্ঞাপন কমেছে ৮২ শতাংশ। বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরির বিজ্ঞাপন কমেছে ৬৪ শতাংশ।
বছর শেষে আশার আলো দুটি বিসিএস
বছরের শেষ দিকে ৪২তম বিসিএসে (বিশেষ) ঘোষণা করে পিএসসি। এতে দুই হাজার চিকিৎসক নিয়োগ পাবেন। এ বিসিএসের আবেদন গ্রহণ শেষ হয়েছে। ৪৩তম বিসিএসকে সাধারণ বিসিএস ঘোষণা করে এতে ১ হাজার ৮০০ জন নিয়োগের সিদ্ধান্ত নেয় পিএসসি। এর আবেদন চলছে। দুটি নতুন বিসিএসের ঘোষণায় চাকরিপ্রার্থীদের মনে আশার সঞ্চার হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পাস করা তানভীর তুষার বলেন, করোনায় চাকরির বাজারে ভালো কোনো বিজ্ঞপ্তি ছিল না। এদিকে আমাদের চাকরির বয়সও চলে যাচ্ছিল। এই সময় দুটি বিসিএসের ঘোষণা মনে আশার সঞ্চার করেছে। চাকরির পড়াশোনা ঝিমিয়ে পড়েছিল, সেটা এখন আবার নতুন করে শুরু করেছি। দুটি বিসিএসের মাধ্যমে অনেক তরুণ চাকরি পাবেন। আমাদের আশা নতুন চাকরির বিজ্ঞাপন আসুক।