ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৬৮৮
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে শূন্য পদে নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ৬৮৮টি শূন্য পদের জন্য নিবন্ধনধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সাধারণ শিক্ষা ধারার শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/ দাখিল মাদ্রাসা) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদসমূহে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন (e-Application) আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের জন্য ৮ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত করা যাবে আবেদন।
http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। আবেদন ফি ১০০ টাকা।
২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ৩৫ বছর বা তার কম তারা আবেদন করতে পারবেন। আর ২০১৮ সালের ১২ জুনের আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন তাদের জন্য আদালতের রায়ের প্রেক্ষিতে বয়স শিথীলযোগ্য।
এর আগে সেসিপের চাহিদা অনুসারে ১ হাজার ২৮০ ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের প্রক্রিয়া চালানো হলেও প্রার্থী না থাকায় সবগুলো পদে নিয়োগ সুপারিশ করতে পারেনি এনটিআরসিএ। এগুলোর মধ্যে খালি থাকা ৬৮৮টি পদে নিয়োগ সুপারিশ করতে ফের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।