সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। একেকটি উপজেলায় প্রতিদিন ৪০ থেকে ৭০ জনের পরীক্ষা নেওয়া হচ্ছে।
মো. আসাদুস জামান গত সপ্তাহে তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষা দেন । তিনি বলেন, তাঁর ভাইভা বোর্ডে চারজন সদস্য ছিলেন। একজন পরীক্ষক শুধু কাগজপত্র ও সনদ যাচাই করেন। অন্য তিনজন প্রশ্ন করেন। এ ছাড়া ওএমআর ফরমের সঙ্গে হাতের লেখার মিল আছে কি না, সেটিও পরীক্ষা করা হয়।
মোট ১০ থেকে ১২ মিনিট ভাইভা বোর্ডে ছিলেন আসাদুস জামান। তিনি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন। এ জন্য পরীক্ষকেরা তাঁর প্রশংসা করেন। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য তাঁর মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা তুলে ধরা হলো।
অনুমতি নিয়ে মৌখিক পরীক্ষার কক্ষে প্রবেশ করে ভাইভা বোর্ডের সদস্যদের সালাম দেন মো. আসাদুস জামান।
পরীক্ষক-১: বসতে বললেন এবং সনদসহ সব কাগজ চাইলেন। হাতের লেখা যাচাইয়ের জন্য একটি খাতা এগিয়ে দিলেন।
মো. আসাদুস জামান: বাংলা ও ইংরেজি এক লাইন করে লিখলাম এবং স্বাক্ষর দিলাম।
পরীক্ষক-২: কোন বিষয়ে পড়েছেন?
মো. আসাদুস জামান: দর্শন
পরীক্ষক-১: কয়েকজন বিখ্যাত দার্শনিকের নাম বলেন।
মো. আসাদুস জামান: সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, রেঁনে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ ও জন লক।
পরীক্ষক-১: সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল ও আলেকজান্ডার সম্পর্ক বলুন।
মো. আসাদুস জামান: সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডার।
পরীক্ষক-২: বাংলাদেশের কয়েকজন দার্শনিকের নাম বলুন।
মো. আসাদুস জামান: জি সি দেব ও আরজ আলী মাতুব্বর।
পরীক্ষক-১: বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল কোথায় আছে?
মো. আসাদুস জামান: ক্যারিবিয়ান সাগরের দ্বীপে।
পরীক্ষক-১: এটা কোথায় অবস্থিত?
মো. আসাদুস জামান: ওয়েস্ট ইন্ডিজে।
পরীক্ষক-১: তারা কোন ধরনের ম্যাচ খেলবে?
মো. আসাদুস জামান: টি-টোয়েন্টি
পরীক্ষক-১: এর আগে কী খেলেছে?
মো. আসাদুস জামান: টেস্ট ম্যাচ।
পরীক্ষক-১: ক্রিকেটের কয়টি ফরম্যাট আছে?
মো. আসাদুস জামান: তিনটি।
পরীক্ষক-১: কী কী?
মো. আসাদুস জামান: ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি
পরীক্ষক-১: কোনটা কত ওভারের?
মো. আসাদুস জামান: ওয়ানডে ৫০ ওভার, টেস্ট ৯০ ওভার এবং টি-টোয়েন্টি ২০ ওভার।
পরীক্ষক-৩: এখন কী করেন?
মো. আসাদুস জামান: চাকরির জন্য চেষ্টা করছি।
পরীক্ষক-৩: ২০১৬ সালে মাস্টার্স করেছেন।
মো. আসাদুস জামান: জি স্যার।
পরীক্ষক-১: ধন্যবাদ। আপনি অনেক ভালো উত্তর দিয়েছেন। শুভকামনা রইল। আপনি এখন আসুন।
মো. আসাদুস জামান: ধন্যবাদ স্যার।