বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী প্রোগ্রামার’ চাকরি, প্রবেশপত্র ডাউনলোড শুরু
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী প্রোগ্রামার’ পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১ জুন থেকে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এ বছরের ১৮ মার্চ বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী প্রোগ্রামার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে
(https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php) আপলোড করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ১ থেকে ১৯ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যেসব প্রার্থীর আবেদনপত্র ত্রুটিযুক্ত, তাঁদের এসএমএস/ই-মেইল করা হয়েছে। তাঁরা ১ থেকে ৫ জুনের মধ্যে ত্রুটি সংশোধনপূর্বক ৯ থেকে ১৯ জুনের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।