৪৩তম বিসিএসে আবার আবেদনের সুযোগ পেলেন ৫৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএস পরীক্ষায় নতুন করে আবেদনের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী। এই ৫৬ পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে আবেদন করায় তাঁদের আগের আবেদন বাতিল করে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (২৩ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

ছবি: সংগৃহীত

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পূরণ করায় আবেদনপত্র বাতিলপূর্বক পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ৫৬ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে আবার আবেদনপত্র জমার বিষয়ে অনুমতি দেয়। ৩০ জুন সন্ধ্যা ৬টার পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

আবেদন চার লাখের বেশি

৪৩তম বিসিএসে আবেদন ৪ লাখ ছাড়িয়েছে অনেক আগেই। পিএসসি সূত্র জানায়, দফায় দফায় সময় বৃদ্ধির কারণে যাঁরা যোগ্যতার জন্য আবেদন করতে পারেননি, তাঁরাও আবেদনের সুযোগ পেয়েছেন। তাই আবেদনকারীর সংখ্যা বাড়ছে। এ মাসের শেষ দিন পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

পিএসসি সূত্র জানায়, এখন পর্যন্ত ৪৩তম বিসিএসে ৪ লাখ ৮ হাজার ৪৬২ জন আবেদন করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করে পিএসসি।

আরও পড়ুন

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি কবে

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নির্ধারিত দিন পেছানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেছিল। পরে প্রিলিমিনারি পরীক্ষা ১৫ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর পুনঃ নির্ধারণ করা হয়েছে।

বিসিএস পরীক্ষা দিয়ে বের হয়ে প্রশ্নপত্র নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন একদল পরীক্ষার্থী। রংপুর জিলা স্কুল
ছবি: মঈনুল ইসলাম

পিএসসি সূত্র জানিয়েছে, ১৫ অক্টোবর হিন্দুধর্মাবলম্বীদের বিজয়া দশমী অনুষ্ঠিত হওয়ার কথা। সে জন্য ওই তারিখে পরীক্ষা নেওয়া হবে না। এটি এক সপ্তাহ পেছাতে পারে। জানতে চাইলে পিএসসির একজন সদস্য প্রথম আলোকে বলেন, পরীক্ষার তারিখ নির্ধারণের সময় বিজয়া দশমীর বিষয়টি চোখ এড়িয়ে গেছে। তাই পিএসসি ওই দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের সভা শেষে এই তারিখ পুনর্নির্ধারণ করা হবে।

৪৩তম বিসিএসে কত পদ

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে। প্রিলিমিনারির বিষয়ভিত্তিক সিলেবাস পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে।

সিলেট নগরের মীরের ময়দান এলাকায় ব্লু–বার্ড স্কুল ও কলেজ কেন্দ্রে বিসিএস পরীক্ষার্থীদের দীর্ঘ সারি
ফাইল ছবি

পরীক্ষাকেন্দ্র

প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন