‘সহকারী জরিপ অফিসার’ পদের বাছাই পরীক্ষার সূচি ও নির্দেশনা প্রকাশ
ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ‘সহকারী জরিপ অফিসার’ পদের প্রার্থীদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষা আগামী ৭ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার তারিখ ছাড়া বিজ্ঞপ্তিতে কেন্দ্র, সময়সূচি, আসনবিন্যাস ও নির্দেশাবলি প্রকাশ করা হয়েছে। ৩ হাজার ৬৯৮ প্রার্থী বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পদের নাম: সহকারী জরিপ অফিসার (১১তম গ্রেড)
পরীক্ষার তারিখ ও সময়: ৭ এপ্রিল ২০২৬, বেলা তিনটা থেকে বিকেল চারটা।
পরীক্ষার কেন্দ্র
১. শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা।
২. মাল্টিপারপাস হলরুম, বিপিএসসি, ঢাকা।
পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা
১. পরীক্ষার্থীকে প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে অবশ্যই নির্ধারিত পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। বেলা ২টা ৩০ মিনিটে পরীক্ষা হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে।
২. পরীক্ষার্থীরা কর্ম কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
৩. পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, কোনো প্রকার ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, ওয়ালেট, গয়না, ব্যাগ ও কোনো প্রকার যোগাযোগ যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না।
৪. পরীক্ষার সময় পরীক্ষার্থী কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখবেন। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পরীক্ষার আগে কমিশনের অনুমোদন গ্রহণ করবেন।
৫. পরীক্ষার্থীর কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন বিবেচনা করা হবে না।
৬. প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাঁদের শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিচালক (ইউনিট–৪) বরাবর আবেদন দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদন বিবেচনায় কর্ম কমিশন থেকে শ্রুতলেখক মনোনয়ন দেওয়া হবে।