৪৪তম বিসিএস: ১০১ নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন বাতিল, কারণ যোগ্যতার ঘাটতি
৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর নন-ক্যাডার পদ থেকে ১০১ প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে আরও সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। আজ বুধবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল ও মনোনয়ন প্রকাশ করা হয়েছিল; কিন্তু বিজ্ঞপ্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ঘাটতি বা কমতি থাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১০১ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলো। এ ছাড়া নানা জটিলতার কারণে আরও সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
পিএসসি জানিয়েছে, মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডারে ২ হাজার ৯৬৮ প্রার্থীকে বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছিল পিএসসি। আজ ১০১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় সেই তালিকা থেকে প্রার্থীর সংখ্যা কিছুটা কমল।