সেন্ট যোসেফ কলেজে একাদশে ভর্তি, ৬৫০ আসনের বিস্তারিত জেনে নিন

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও বিদ্যালয়ের নিজস্ব নোটিশ বোর্ডে একাদশে ভর্তির তথ্য পাবে শিক্ষার্থীরাছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট যোসেফ কলেজ। ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে নিজস্ব ভর্তিপ্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করবে প্রতিষ্ঠানটি। আগামী ২ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আগ্রহী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট এর নির্ধারিত লিংকে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা

*বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সনে আবেদন করতে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে। বিজ্ঞান বিভাগে আবেদনকারীদের উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে।

*ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ-৩.৫০ এবং মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ-৩.০০ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

মোট আসন

বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে ৪০০, ইংরেজি ভার্সনে ১০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ এবং মানবিক বিভাগে ৭০টি আসন রয়েছে। মোট ৬৫০ আসন।

আবেদন ফি কত

আবেদনকারীদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৫০০ টাকা, যা অফেরতযোগ্য। বিকাশ, নগদ, রকেট, নেক্সাস, এমটিবিএল, ভিসা কার্ড ও মাস্টারকার্ডের মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে।

আবেদন ফরম পূরণের পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। ভুল তথ্য দেওয়া, আবেদনপত্র অসম্পূর্ণ রাখা অথবা একই শিক্ষার্থী একাধিকবার আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন

শিক্ষার্থী নির্বাচন কীভাবে

লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষার ফলাফল ও জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তি পরীক্ষা সিলেবাস

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি ২০২৬-এর সিলেবাস অনুযায়ী। বিজ্ঞান বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।

ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হবে।

মানবিক বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে আগ্রহী শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের পরীক্ষায় অংশ নিতে হবে। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আসতে চাইলে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন

পরীক্ষা কবে

আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে জরুরি প্রয়োজনে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। প্রত্যেক শিক্ষার্থীর প্রবেশপত্রে উল্লেখিত তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় কলেজ কর্তৃপক্ষের দেওয়া মূল প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি বা মার্কশিট সঙ্গে রাখতে হবে।

ভর্তির পর শিক্ষার্থীদের কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরতে হবে। কলেজে মুঠোফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়মিত ক্লাস, ব্যবহারিক ক্লাস ও শ্রেণি পরীক্ষায় উপস্থিত থাকা এবং অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

আরও পড়ুন

প্রতিষ্ঠানের নিয়মাবলি পালনে অনাগ্রহী শিক্ষার্থীদের আবেদন না করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। একই সঙ্গে ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই বলেও উল্লেখ করা হয়েছে।

ভর্তিসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে। অনলাইন আবেদন বা প্রবেশপত্র ডাউনলোডে কোনো সমস্যা হলে [email protected] ঠিকানায় যোগাযোগ করা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত প্রয়োজনে ০১৪০৭৯৫৮৪৯৯ ও ০১৩৩৯০১৮৩৯৭ নম্বরে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

*সেন্ট যোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন