জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম রিলিজ স্লিপে ভর্তির ফল প্রকাশ, মিলছে এসএমএসে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তিতে প্রথম রিলিজ স্লিপের তালিকা আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল চারটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থীরা প্রকাশিত ফল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মুঠোফোনে nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গত ২০২১-২২ শিক্ষাবর্ষে কোনো বিষয়ে ভর্তি হয়ে থাকলে আগামী ১ আগস্টের মধ্যে সেই ভর্তি বাতিল করে অনলাইনে নতুন ভর্তি ফরম পূরণ করবেন। ভর্তি বাতিল না করলে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের (সম্মান) ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এ ছাড়া প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থান পেলেও বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।
ভর্তিসংক্রান্ত নির্দেশনা
প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক www.nu.ac.bd/admissions ওয়েবসাইটের Applicant Login অপশনে Honours Login লিংকে প্রবেশ করে সঠিক রোল নম্বর ও পিন দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংরক্ষণ করবেন।
প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরম ৪৮৫ টাকা রেজিস্ট্রেশন ফিসহ ৩০ জুলাই থেকে ৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কলেজে সরাসরি অথবা কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কলেজ ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তিতে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ফরমে দেওয়া সব তথ্য ও ছবি যাচাই-বাছাই করে ৩০ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করবে।