ঢাবি আইবিএতে বিবিএ ভর্তি পরীক্ষা, জেনে নিন সব তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ৩৫তম ব্যাচের (সেশন: ২০২৬–২০২৭) বিবিএ ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই বিজনেস স্কুলের ব্যবসায় শিক্ষা কার্যক্রমে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ব্যবসায় শিক্ষা খাতে আইবিএর ডিগ্রি অর্জনের সুদীর্ঘ ঐতিহ্য ও করপোরেটজগতে এর শিক্ষার্থীদের ব্যাপক চাহিদার কারণে প্রতিবছরই এই ভর্তি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তুমুল উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক প্রস্তুতি লক্ষ করা যায়।
ভর্তি পরীক্ষার তথ্য
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে। যাঁরা ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কেবল তাঁরাই এবারের সেশনে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে। অন্যদিকে ও–লেভেল এবং এ–লেভেল বা সমমানের পরীক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচটি বিষয়ে ও–লেভেল (গণিতসহ) এবং অন্তত দুটি বিষয়ে এ–লেভেল পাস হতে হবে। ও–লেভেলের সাতটি বিষয়ের মধ্যে অন্তত দুটি বিষয়ে ‘এ’ গ্রেড এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড (সিজিপিএ ৩.০০–এর স্কেলে ন্যূনতম ৩.৫০) থাকতে হবে। তবে যেসব শিক্ষার্থী ইতিপূর্বে ২০২৬ সালে বা তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন অন্য কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁরা এবারের বিবিএ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।
আবেদনের প্রক্রিয়া
আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে এবং এর নির্ধারিত শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট –এর মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কঠোর বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করে থাকে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।
বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে, যা ইংরেজি ভাষা, গণিত ও অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণধর্মী দক্ষতার ওপর মূল্যায়ন করে। লিখিত পরীক্ষায় প্রতিটি অংশে ন্যূনতম পাসের নম্বর বা কোয়ালিফাইং স্কোর অর্জন করার পরই প্রার্থীরা পরবর্তী ধাপে যোগাযোগ পরীক্ষার জন্য নির্বাচিত হন।