কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ৬৭ শতাংশ আসন খালি
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে মাইগ্রেশনের (কলেজ-মাদ্রাসা পরিবর্তন) ফল প্রকাশিত হয়েছে আজ শনিবার রাতে। ভর্তির নিশ্চয়নও শেষ হয়েছে। সব মিলিয়ে এখন কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ শিক্ষার্থী।
এবার কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট ভর্তিযোগ্য আসন ২৬ লাখ ১ হাজার ৭৭৯ টি। এর মধ্যে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে মোট আসনের প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী। ফলে ৬৭ শতাংশের মতো আসন এখনো খালি।
অবশ্য প্রথম ধাপের ভর্তি শেষে ক্লাস শুরুর পর আরেক দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে। তবে তাতেও বিপুলসংখ্যক আসন খালি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, এবার কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী। এ প্রক্রিয়ায় কেবল কলেজ-মাদ্রাসায় ভর্তির কাজটি হচ্ছে। কারিগরি বোর্ডের অধীন ভর্তির কাজটি হচ্ছে আলাদাভাবে।
২০ থেকে ২২ সেপ্টেম্বর তিন দিন ভর্তির কাজ হবে। ভর্তির কাজ শেষে ২৪ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে
পাস করা শিক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন। তাদের মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছিল ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন। তবে নির্বাচিত সবাই ভর্তির নিশ্চয়ন দেয়নি। শেষ পর্যন্ত চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ৮ লাখ ৫৩ হাজারের বেশি।
মাইগ্রেশনের পর ৫৫৭ প্রতিষ্ঠান শিক্ষার্থীহীন
এদিকে ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর কলেজ-মাদ্রাসা পরিবর্তন বা মাইগ্রেশন হয়েছে। এর ফলে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী না পাওয়া কলেজ-মাদ্রাসার সংখ্যা ৪১৬ থেকে বেড়ে ৫৫৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আবেদন করলেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী ভর্তির জন্য চূড়ান্তভাবে বরাদ্দ পায়নি।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল থেকে মঙ্গলবার (২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রম শেষে ২৪ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি করা হচ্ছে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নিয়ে ভর্তির কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের ফলাফল, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে ভর্তির জন্য প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।