সাত কলেজ–গার্হস্থ্য ও প্রযুক্তি ইউনিটে ভর্তির বিষয় পছন্দক্রমের সময় পরিবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য ইউনিট, গার্হস্থ্য অর্থনীতি এবং প্রযুক্তি ইউনিটের ভর্তির জন্য ফরম ও বিষয় পছন্দক্রমের সময়সীমা পরিবর্তন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাবি অধিভুক্ত সাত কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয় পছন্দক্রম পূরণের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, অধিভুক্ত সরকারি সাত কলেজের সব ইউনিট, গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিটে পাস করা শিক্ষার্থীরা ১৬ জুলাই বেলা ৩টা থেকে ২৯ জুলাই পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম অনলাইনে পূরণ করা যাবে।
অধিভুক্ত সরকারি সাতটি কলেজে মোট আসন ২১ হাজর ৫১৩টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে আসন ৫ হাজার ৩১০টি, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন ৯ হাজার ৭০৩টি।
সরকারি সাত কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে একটি সরকারি কলেজ ও বাকি পাঁচটি বেসরকারি কলেজ রয়েছে। এর মধ্য গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে ১ হাজার, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ৫৫০, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ৫৫০, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিকসে ৫৫০, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১০০, আকিজ কলেজ অব হোম ইকোনমিকসে ২৭৫ এবং বরিশাল হোম ইকোনমিকস কলেজে ১৮০টি আসন রয়েছে। সব কলেজে মোট আসন ২ হাজার ৬৫৫।
প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধীন কলেজ রয়েছে ছয়টি। এর মধ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি টেক্সটাইল ইনস্টিটিউট।