ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি শুরু, চলবে ৪ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য সরাসরি উপস্থিত হয়ে ভর্তি আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) থেকে শুরু হচ্ছে। ৯ এপ্রিল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ–সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
ভর্তি–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে। সরাসরি উপস্থিত হয়ে বিভাগ বা ইনস্টিটিউট ও হলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্ধারিত তারিখ ৬ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত।
এর আগে অনলাইনে ভর্তি ফি প্রদান ও প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয় ১০ মার্চ। আর অনলাইনে ভর্তি ফি প্রদানের শেষ সময় ছিল ২৮ মার্চ। ভর্তি ফি প্রদান সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বরাদ্দপ্রাপ্ত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট এবং নির্ধারিত হওয়ার পর উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান এবং পরবর্তী সময় সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট ও হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।