গুচ্ছ ভর্তি: যুক্ত হতে পারে নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয়, এবার নেতৃত্বে পবিপ্রবি

ফাইল ছবি: প্রথম আলো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দু-তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। এর মধ্যে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয় যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের ওপর।

গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে। সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।

সভায় জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে একাধিক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। মূল কমিটির পাশাপাশি টেকনিক্যাল, ক্রয়, অর্থসহ বিভিন্ন কমিটি গঠন করা হবে। এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান প্রথম আলোকে বলেন, ‘আমাদের যে মিটিংটি হয়েছে, সেটির মূল উদ্দেশ্য ছিল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া শেষ করা। এ ছাড়া পরীক্ষাসংক্রান্ত যেসব কাজ ও আর্থিক বিষয় পেন্ডিং ছিল—কোন খাতে কী পরিমাণ খরচ হয়েছে বা হয়নি—সেসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে আগের কমিটির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নতুন কমিটি গঠনের বিষয়টিও এ সভায় আলোচনা করা হয়েছে।’

আরও পড়ুন

অধ্যাপক এস এম হেমায়েত জাহান বলেন, ‘পরীক্ষার তারিখ নির্ধারণের পাশাপাশি টেকনিক্যাল, ক্রয়, অর্থসহ বিভিন্ন কমিটিসহ আরও কিছু কমিটি গঠন করতে হবে। নতুন কমিটির আহ্বায়কের সভাপতিত্বে খুব শিগগিরই এ বিষয়ে একটি সভা হতে পারে। সম্ভবত দু-এক দিনের মধ্যেই সভাটি হবে। অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। কৃষি গুচ্ছও তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তাই আমরাও চিন্তা করেছি, এই সপ্তাহের মধ্যেই সভা করে সবার মতামতের ভিত্তিতে দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণা।’ নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, নতুন যেসব বিশ্ববিদ্যালয় হয়েছে, তারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসবে। কারণ, তাদের এখনো পরীক্ষা পরিচালনার মতো প্রয়োজনীয় অবকাঠামো, জনবল বা সক্ষমতা তৈরি হয়নি। স্বাভাবিকভাবেই তারা জিএসটি গুচ্ছে আসতে পারে। তবে এখন পর্যন্ত কারা কারা যুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি এবং বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি।’

আরও পড়ুন

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন
আরও পড়ুন