একাদশে ভর্তি নিয়ে যা জানাল সেন্ট যোসেফ কলেজ
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া শুরুর অপেক্ষায়। কলেজ পর্যায়ে ভর্তিতে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থাকে, তার অন্যতম একটি রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। দেশের কলেজ পর্যায়ের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে ভর্তির কার্যক্রমের ব্যাপারে জানিয়েছে। কলেজের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তি নীতিমালা প্রকাশের পর ভর্তিসংশ্লিষ্ট যাবতীয় তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
১১ আগস্টে একাদশ শ্রেণির ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে, ২০২৬-২০২৭ সেশনে ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ডের নীতিমালা পাওয়ার সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানের ভর্তি–সংক্রান্ত যাবতীয় তথ্য সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও বিদ্যালয়ের নিজস্ব নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নম্বর ও গ্রেড–সংবলিত মার্কশিট (নম্বরপত্র) অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে।
এদিকে আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আগের মতোই চলবে। অর্থাৎ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। তবে এবার পাসের হার অনেক বেশি কম হওয়ায় অর্ধেকের বেশি আসন খালি থাকবে। প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে।