বুটেক্সের তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম স্থগিত, নতুন তারিখ নির্ধারণ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আজ মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) নির্ধারিত ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ভর্তি কার্যক্রমের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ এপ্রিল।
বুটেক্সে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে (সেশন ২০২৫–২৬) ভর্তির জন্য তৃতীয় ধাপে দুটি পর্যায়ে ভর্তি কার্যক্রমের নির্ধারিত তারিখ ছিল ১০ মার্চ। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষে বেশির ভাগ আসন ফাঁকা থাকায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। ৬৩০টি আসনের মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ২০৯ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনো আসন ফাঁকা ৪২১টি, যা তৃতীয় ধাপে (মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত) ভর্তি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা হবে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ৯ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ইফতার মাহফিল ও লেভেল–১ টার্ম–১–এর ভর্তির সাক্ষাৎকারসহ সব ঘোষিত কার্যক্রম স্থগিত থাকবে। ৭ এপ্রিল ভর্তির সাক্ষাৎকারের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৭ মার্চ সকাল ছয়টা থেকে আবাসিক হলগুলো আবার খুলে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময়েও বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশাসনিক দপ্তর সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে। রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা, অর্থ ও হিসাব দপ্তর, অডিট সেল, আইসিটি সেল এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের জরুরি কার্যক্রম ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে। পাশাপাশি ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, যানবাহন ও ইউটিলিটি সেবাগুলো সচল রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।