ভোকেশনাল এসএসসি ও দাখিলের প্রবেশপত্র ডাউনলোডের তারিখ প্রকাশ

কারিগরি শিক্ষা অধিদপ্তর

ভোকেশনালের এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৬–এর প্রবেশপত্র ডাউনলোডের তারিখ প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করা যাবে কয়েক ধাপে। বিভাগভেদে ৩১ মার্চ থেকে আগামী ৮ এপ্রিল পর্যন্ত এ প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। কেন্দ্র থেকে হাজিরা শিট প্রিন্ট বা ডাউনলোড করা যাবে ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রবেশপত্র নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনলাইন থেকে প্রতিষ্ঠানগুলোকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। পরীক্ষার ফি সম্পূর্ণ পরিশোধ থাকা সাপেক্ষে এ প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন

রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের প্রতিষ্ঠানে ৩১ মার্চ থেকে ২ এপ্রিল; ঢাকা (ঢাকা জেলা ব্যতীত), ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের (চট্টগ্রাম জেলা ব্যতীত) প্রতিষ্ঠানে ৩ থেকে ৬ এপ্রিল; ঢাকা ও চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠানে ৭ থেকে ৮ এপ্রিল প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

কেন্দ্র থেকে হাজিরা শিট প্রিন্ট ও ডাউনলোড করা যাবে ১৭ থেকে ২০ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি হালনাগাদ পরিশোধ না থাকলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না। প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করা না থাকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না। রেজিস্ট্রেশন শাখার মাধ্যমে নবায়ন করা সাপেক্ষে অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করা যাবে। প্রবেশপত্র প্রিন্ট করার ক্ষেত্রে পেপার সাইজ: A4 (সাদা ৮০ গ্রাম অফসেট পেপার), কালার প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের নির্ধারিত স্থানে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিল প্রদান বাধ্যতামূলক।

আরও পড়ুন

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬–এর জন্য বিতরণ করা লিথোযুক্ত উত্তরপত্র পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে। কোনোভাবেই আগের লিথোযুক্ত উত্তরপত্র পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন