এসএসসি পরীক্ষা ২০২৭। বিজ্ঞানের ছোট প্রশ্ন, নম্বর ২

বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায়–১

প্রশ্ন: রাফেজ বলতে কী বোঝায়?

উত্তর: রাফেজ মূলত সেলুলোজ নির্মিত দীর্ঘ তন্তুময় অংশ, যা প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। রাফেজ আমাদের দেহে কোনো পুষ্টি জোগায় না, তবে কোষ্ঠকাঠিন্য, হৃদ্‌রোগ, ডায়াবেটিস প্রভৃতি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশ্ন: আঁশজাতীয় খাবার দেহের জন্য গুরুত্বপূর্ণ কেন?

উত্তর: যেসব খাবারে সেলুলোজ নির্মিত দীর্ঘ তন্তুময় অংশ থাকে, সেসব খাবারই হলো আঁশযুক্ত খাবার। এটি শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। এ ছাড়া পরিপাকে সহায়তা করে, পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। আঁশযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য, হৃদ্‌রোগ, ডায়াবেটিস প্রভৃতি রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশ্ন: মসুর ডাল কেন আঁশজাতীয় খাদ্যের উত্স? ব্যাখ্যা করো

উত্তর: আঁশযুক্ত খাবার বা রাফেজ হলো সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর। শস্যদানা, ফলমূল ও সবজির অপাচ্য অংশ রাফেজ নামে পরিচিত। রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। মসুর ডালকে রাফেজ বা আঁশযুক্ত খাদ্যের উত্স বলা হয়। কারণ, এতে আঁশযুক্ত দীর্ঘ তন্তুময় অংশ থাকে এবং এর কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি।

প্রশ্ন: সুষম খাদ্য বলতে কী বোঝায়?

উত্তর: যে খাদ্যে ছয়টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালরি পাওয়া যায়, তাকে সুষম খাদ্য বলে। একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের জন্য প্রতিদিন প্রায় ২৫০০ থেকে ৩০০০ কিলোক্যালরি শক্তির প্রয়োজন হয়। আর এ শক্তি পাওয়া যায় আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার সুষম খাদ্যের ছয়টি উপাদান থেকে।

আরও পড়ুন

প্রশ্ন: দুধকে আদর্শ খাদ্য বলা যায় কি না? ব্যাখ্যা করো।

উত্তর: দুধকে আদর্শ খাবার বলা হয়। কারণ, এতে শর্করার পাশাপাশি উচ্চ মানের প্রাণিজ আমিষ ও প্রচুর পরিমাণে স্নেহজাতীয় পদার্থ থাকে। এতে দেহের জন্য অত্যাবশ্যকীয় ক্যালসিয়াম ও ফসফরাস বিদ্যমান, যা হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে। এ ছাড়া শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও ভিটামিনসমৃদ্ধ উপাদান থাকায় এটি শরীরের বৃদ্ধি ও বিকাশে পূর্ণাঙ্গ ভূমিকা পালন করে, তাই দুধকে আদর্শ ও স্বয়ংসম্পূর্ণ খাদ্য বলা হয়।

প্রশ্ন: মাদকাসক্তির ৪টি লক্ষণ লেখো।

উত্তর: মাদকাসক্তির ৪টি লক্ষণ নিচে দেওয়া হলো—

১. খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া

২. কর্মবিমুখতা ও হতাশা

৩. দৃষ্টিতে অস্বচ্ছতা এবং চোখ লাল হওয়া

৪. সব সময় অগোছালোভাবে থাকা।

প্রশ্ন: মনের বিশ্রাম বলতে কী বোঝায়?

ব্যাখ্যা করো।

উত্তর: পরিশ্রমের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে এবং শরীরের পেশিগুলো অবশ হয়ে আসে, তখন সারা শরীরকে কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় রেখে আরাম গ্রহণ করাকে আমরা বিশ্রাম বলি। আর শরীর ও মন থেকে সব উদ্বেগ, দুশ্চিন্তা, অশান্তি একেবারে দূর করে দিয়ে পছন্দসই ও স্বস্তিকর কোনো বিষয়ে মনোনিবেশ করাকেই মনের বিশ্রাম বলে।

প্রশ্ন: AIDS একটি মরণব্যাধি ব্যাখ্যা করো।

উত্তর: প্রাকৃতিক নিয়মে মানুষের দেহে রোগজীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। AIDSএ আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে নানা রকম রোগ, যেমন শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার প্রভৃতির সংক্রমণ ঘটে। ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে। তাই AIDSকে মরণব্যাধি বলা হয়।

প্রশ্ন: ‘জাঙ্কফুড শরীরের জন্য ক্ষতিকর’—ব্যাখ্যা করো।

উত্তর: জাঙ্কফুড বা ফাস্টফুডে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণিজ চর্বি ও চিনি থাকে। আমরা যখন অধিক পরিমাণে জাঙ্কফুড খাই, তখন আমাদের দেহ এগুলোকে চর্বিকলায় রূপান্তরিত করে। ফলে দেহ স্থূলকায় হয়ে পড়ে। এ ছাড়া এতে বিদ্যমান অতিরিক্ত চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। তাই জাঙ্কফুড শরীরের জন্য ক্ষতিকর।

প্রশ্ন: সফট ড্রিংক, কোলা শরীরের জন্য ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো।

উত্তর: সফট ড্রিংক, কোলা কিংবা লেমনের মতো গ্যাসীয় পানীয়ে অতিরিক্ত চিনি থাকে। অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। পাশাপাশি এ–জাতীয় পানীয়গুলোয় শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থের চরম অভাব থাকে, যা দীর্ঘ মেয়াদে পুষ্টিহীনতা ও স্বাস্থ্যের অবনতি ঘটায়। স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে কেবল মুখরোচক স্বাদের জন্য তৈরি হওয়ায় এই কৃত্রিম পানীয়গুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

প্রশ্ন: ‘বার্গার পুষ্টিকর খাবার কি না’—ব্যাখ্যা করো।

উত্তর: বার্গার একটি মুখরোচক জাঙ্কফুড। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের পাশাপাশি অতিরিক্ত তেল, চর্বি ও লবণ বিদ্যমান, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পুষ্টিকর খাদ্য বলতে আমরা সুষম ও পুষ্টিগুণসম্পন্ন খাবারকে বুঝি, যা শরীরকে সুস্থ রাখে, কিন্তু বার্গারে ভিটামিন ও খনিজ উপাদানের অভাব থাকায় এবং এতে অস্বাস্থ্যকর উপাদানের আধিক্য থাকায় এটি পুষ্টিকর খাবার নয়।

  • মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
    বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা