এইচএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান ১ম পত্র: সৃজনশীল প্রশ্ন (অধ্যায়–২)—নিউরনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা প্রবাহিত হয়

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী। তবে এমন উচ্ছ্বসিত দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন না। বেইলি রোড, ঢাকা, ১৬ অক্টোবরছবি: দীপু মালাকার

জীববিজ্ঞান ১ম পত্র: সৃজনশীল প্রশ্ন

অধ্যায়–২

# নিচের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও।

প্রশ্ন

ক. তন্ত্র কাকে বলে?

খ. সিন্যাপস বলতে কী বোঝায়?

গ. চিত্র P ও Q গঠনবৈশিষ্টে৵ একটি অপরটি হতে আলাদা? ব্যাখ্যা করো।

ঘ. চিত্র R দেখতে P-এর মতো হলেও কাজ করে Q-এর মতো—বিশ্লেষণ করো।

উত্তর

ক. তন্ত্র: একাধিক অঙ্গ মিলিতভাবে যদি একই ধরনের শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে, তবে অঙ্গগুলোকে একত্রে তন্ত্র বলে।

খ. পরপর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয়। এ স্নায়ুসন্ধিকে সিন্যাপস বলে। সিন্যাপসের মধ্য দিয়েই একটি নিউরন থেকে স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়।

গ. চিত্র P হলো ঐচ্ছিক পেশি এবং Q অনৈচ্ছিক পেশি।

নিচের লিখিত গঠনবৈশিষ্টে৵র কারণে P ও Q পরস্পর থেকে আলাদা:

১. চিত্র P (ঐচ্ছিক পেশি)-এর পেশিগুলো প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত ও প্রসারিত হয়। কিন্তু চিত্র Q (অনৈচ্ছিক পেশি)-এর পেশির সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছানুযায়ী ঘটে না।

২. P-এর কোষগুলো নলাকার ও শাখাবিহীন। আর চিত্র Q-এর কোষগুলো মাকু আকৃতির।

৩. P-এর পেশিতে প্রতি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। কিন্তু Q-এর প্রতিটি কোষে একটি করে নিউক্লিয়াস থাকে।

৪. P টিস্যুর কোষগুলো আড়াআড়ি ডোরাযুক্ত। কিন্তু Q-এর গায়ে আড়াআড়ি কোনো দাগ থাকে না।

৫. P বিভিন্ন অঙ্গের সঞ্চালন ও চলন নিয়ন্ত্রণ করে। পক্ষান্তরে Q দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। যেমন: অন্ত্রের ক্রমসংকোচন।

ঘ. চিত্র R হলো হৃৎপেশি। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড যে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, তাকে হৃৎপেশি বলে। এ পেশি টিস্যুর কোষগুলো অনেকটা চিত্র P (ঐচ্ছিক পেশি)-এর মতো। যেমন: নলাকৃতি, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। তবে চিত্র R (হৃৎপেশি) এর সঙ্গে চিত্র P (ঐচ্ছিক পেশি) এর গঠনগত মিল থাকলেও কাজের দিক দিয়ে ভিন্ন প্রকৃতির। অন্যদিকে চিত্র Q (অনৈচ্ছিক পেশি) এর সঙ্গে চিত্র R (হৃৎপেশি) এর গঠনগত ভিন্নতা থাকলেও কাজের দিক দিয়ে অত্যন্ত মিল রয়েছে। এ ক্ষেত্রে অনৈচ্ছিক পেশি প্রধানত প্রাণীদেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। যেমন: অন্ত্রের ক্রমসংকোচন। অপর দিকে হৃৎপেশি ভ্রূণীয় দশার একটি বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্বপর্যন্ত একটি ছন্দময় গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ হৃৎপেশির কাজ অনেকটা অনৈচ্ছিক পেশির মতো। সুতরাং ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, চিত্র R (হৃৎপেশি) দেখতে P (ঐচ্ছিক পেশি) এর মতো হলেও কাজ করে Q (অনৈচ্ছিক পেশি) এর মতো।

  • মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
    সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা