এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু ২১ এপ্রিল, জেনে নাও ১০ পরামর্শ

অভিভাবকের সঙ্গে মোটরসাইকেলে চেপে যেতে যেতে শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছে এক এসএসসি শিক্ষার্থী।প্রথম আলো ফাইল ছবি

প্রবেশপত্র সংগ্রহ

প্রিয় পরীক্ষার্থী, তোমাদের প্রবেশপত্র নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এরই মধ্যে সংগ্রহ করে নিয়েছ। এখন এটি ফটোকপি করে তা অবশ্যই যত্নসহকারে সংরক্ষণ করে রাখবে।

পরীক্ষার কক্ষে আসন গ্রহণ

প্রত্যেক পরীক্ষার্থী অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে পরীক্ষার কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করবে। কোনোভাবেই দেরি করবে না।

বিরতি থাকবে না

প্রতিটি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি অংশ ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশ (তথ৵ ও যোগাযোগ প্রযুক্তি বাদে) পরীক্ষা হবে। এই দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

ক্যালকুলেটর ব্যবহার

পরীক্ষার সময় একজন পরীক্ষার্থী শুধু সাধারণ সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। নিচে যে মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে—

১. Fx-82MS

২. Fx-100MS

৩. Fx-570MS

৪. Fx-991MS

৫. Fx-991Ex

৬. Fx-991ES

৭. Fx-991ES Plus

৮. Fx-991CW

আরও পড়ুন

উত্তরপত্র ভাঁজ করবে না

মনে রেখো কোনো অবস্থাতেই তোমার পরীক্ষার উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

সময় বিভাজন

বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে ৩০ মিনিট এবং সৃজনশীল (CQ)/রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।

মুঠোফোন

কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন সঙ্গে নিয়ে যেতে পারবে না।

পৃথকভাবে পাস

প্রত্যেক পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

আরও পড়ুন

নিবন্ধিত বিষয়ে পরীক্ষা

পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে যে যে বিষয় বা বিষয়গুলোর উল্লেখ আছে, সেসব বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

লিখে বৃত্ত ভরাট

পরীক্ষার সময় তোমরা তোমাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তোমার পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে প্রথমে বলপয়েন্ট কলম দিয়ে লিখবে। পরে বলপয়েন্ট কলম দিয়ে সঠিকভাবে বৃত্ত ভরাট করবে।


*লেখক: খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা