ব্যবসায় পরিবেশে প্রাকৃতিক উপাদানের প্রভাব আছে

এআই/ প্রথম আলো

ব্যবসায় উদ্যোগ: সৃজনশীল প্রশ্ন

অধ্যায়–১

হাবিব ও জামান দুই বন্ধু। সাভার কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। বিএ পাস করে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। হাবিব শহরের নদীর তীরে একটি মুদির দোকান প্রতিষ্ঠা করেন। দোকানের প্রয়োজনীয় মালামাল শহর থেকে কিনে নৌপথে নিয়ে আসেন। অন্যদিকে জামান একই ধরনের একটি দোকান প্রতিষ্ঠা করেন শহরের মধ্যে। শহর থেকে পণ্য কিনে যানবাহনের মাধ্যমে নিয়ে আসেন।

প্রশ্ন

ক. কোনটি উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে?

খ. বাণিজ্য পণ্যের কোন কোন প্রতিবন্ধকতা দূর করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত হাবিবের ব্যবসায়ের  পরিবেশে কোন উপাদানের প্রভাব রয়েছে? বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে লাভের দিক বিবেচনায় নিয়ে হাবিব ও জামানের ব্যবসায়ের একটি তুলনামূলক চিত্র বিশ্লেষণ করো।

উত্তর

ক. বিপণন উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে।

খ. পণ্যের বণ্টনকারী শাখাকে বাণিজ্য বলে। বাণিজ্যের বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। এই উপাদানগুলো হলো পণ্য বিনিময় (যা পণ্যের ব্যক্তিগত বাধা দূর করে), গুদামজাতকরণ (পণ্যের সময়গত বাধা দূর করে), ব্যাংকিং (পণ্যের অর্থগত বাধা দূর করে), বিমা (পণ্যের ঝুঁকিসংক্রান্ত বাধা দূর করে), বিজ্ঞাপন (পণ্যের জ্ঞানসংক্রান্ত বাধা দূর করে) ইত্যাদি।

গ. উদ্দীপকে বর্ণিত হাবিবের ব্যবসায়ের ওপর পরিবেশের প্রাকৃতিক উপাদানের প্রভাব রয়েছে।

কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ–নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এসব উপাদানের পার্থক্যে দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।

উদ্দীপকে হাবিব মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ থেকে বিএ পাস করে ব্যবসা করবে বলে সিদ্ধান্ত নেন। এই লক্ষ্যে হাবিব শহরের নদীর তীরে একটি মুদির দোকান প্রতিষ্ঠা করেন। তবে দোকানের প্রয়োজনীয় মালামাল তিনি শহর থেকে কিনে নদীপথে নিয়ে আসেন। এ ক্ষেত্রে তিনি ব্যবসায়ের জন্য যে অবস্থান ঠিক করেছেন, তা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, হাবিবের ব্যবসায়ের ওপর পরিবেশের প্রাকৃতিক উপাদানের প্রভাব রয়েছে।

ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে লাভের দিক বিবেচনায় জামানের ব্যবসায়ের তুলনায় হাবিবের ব্যবসায়ের লাভের পরিমাণ বেশি।

যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের ব্যবসায় গড়ে ওঠে ও পরিচালিত হয়, তাকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায়ের ওপর পরিবেশের উপাদানগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে।

উদ্দীপকে হাবিব ও জামান মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ থেকে বিএ পাস করে ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নেন। এই লক্ষ্যে হাবিব শহরের নদীর তীরে চমৎকার ভৌগোলিক অবস্থানে একটি মুদির দোকান প্রতিষ্ঠা করেন। তবে দোকানের প্রয়োজনীয় মালামাল তিনি শহর থেকে ক্রয় করে নদীপথে নিয়ে আসেন। অপর দিকে জামান শহরের মধে৵ই একই ধরনের একটি দোকান প্রতিষ্ঠা করেন এবং শহর থেকে পণ্য কিনে যানবাহনের মাধ্যমে দোকানে নিয়ে আসেন।

তাই দেখা যায়, হাবিব তাঁর দোকানের যাবতীয় মালামাল নদীপথে নিয়ে আসেন। তাই মালামাল আনতে খরচ কম পড়ে। অপর দিকে জামান তাঁর দোকানের মালামাল যানবাহনের মাধ্যমে নিয়ে আসেন। এই মালামাল ক্রয়ে খরচ বেশি পড়ে। একটি দোকানের লাভ তখনই বেশি, যখন তাঁর দোকানের মাল কেনার খরচ কম হবে। তাই বলা যায়, হাবিবের দোকানের লাভ জনাব জামানের দোকানের চেয়ে বেশি হবে।

  • মো. আলতাফ হোসেন, প্রভাষকবীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা