জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোড শুরু, যেভাবে করবেন পরীক্ষার্থীরা

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরাফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজ শনিবার (১১ এপ্রিল) থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের ‘Applicant Login (Honours Login)’ অপশনে গিয়ে তাদের অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ওয়েবসাইটের ‘Honours Tab’ এর ‘Admit Card Download’ অপশন থেকেও সরাসরি প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ রয়েছে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা হলো পরীক্ষার অন্তত তিন দিন আগে তাদের নিজ নিজ কেন্দ্র থেকে অথবা সংশ্লিষ্ট কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসনবিন্যাস সংগ্রহ করতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং তাঁদের এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রে উল্লিখিত সব নির্দেশনা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এদিকে সংশ্লিষ্ট কলেজগুলোর জন্য নির্বাচিত কেন্দ্রগুলোর তালিকা, পরীক্ষার্থীদের তালিকা এবং হাজিরাপত্র ডাউনলোড–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

২৫ এপ্রিল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের সব বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা হবে। প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষার্থীদের অবশ্যই ইস্যুকৃত প্রবেশপত্রসহ পরীক্ষার দিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে তাঁদের জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার ধরন ও মূল্যায়নপদ্ধতি

এমসিকিউ পদ্ধতিতে হবে ভর্তি পরীক্ষা। মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘণ্টায়। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞান শাখা, মানবিক/গার্হস্থ্য অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, সাধারণ জ্ঞানে ২০ এবং প্রতিটি শাখার জন্য আলাদাভাবে উচ্চমাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন ৪০ নম্বরসহ মোট ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষার পাস নম্বর ৩৫।

বিজ্ঞান, মানবিক/গার্হস্থ্য অর্থনীতি এবং ব্যবসায়ে শিক্ষায় এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) ৪০ নম্বর, এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) ৬০ নম্বরসহ মোট ২০০ (১০০+৪০+৬০) নম্বরে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

আরও পড়ুন