এসএসসি পরীক্ষা ২০২৬। অর্থনীতি: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন- দেনা–পাওনা নিষ্পত্তিকারী প্রতিষ্ঠানই ‘নিকাশঘর’

অর্থনীতি: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: বাজার চাহিদা রেখা কী?
উত্তর: 
কোনো সমজাতীয় দ্রব্য বিভিন্ন দামে বিভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তা যে চাহিদা রেখার সাহায্যে দেখানো হয়, তাকে বলা হয় বাজার চাহিদা রেখা। ব্যক্তিগত চাহিদা সূচি যোগ করে, যেমন বাজার চাহিদা সূচি পাওয়া যায়, তেমনি বিভিন্ন ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখাগুলো যোগ করে বাজার চাহিদা রেখা পাওয়া যায়। এ রেখার সাহায্যে বাজারে উপস্থিত কোনো দ্রব্যের চাহিদা সম্পর্কে ধারণা লাভ করা যায়।

প্রশ্ন: সংগঠক-এর ধারণা দাও।
উত্তর: 
যিনি উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধন প্রভৃতি উপাদানগুলো একত্র করে তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করেন, তাকে সংগঠক বলে। একজন সংগঠক কোনো নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করে থাকেন।

প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক বলতে কী বোঝায়?
উত্তর: 
বাণিজ্যিক ব্যাংক বলতে এমন একধরনের আর্থিক প্রতিষ্ঠান বোঝায়, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা রেখে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে। এর প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এ উদ্দেশ্য পূরণে এ ব্যাংকসমূহ স্বল্প সুদে গ্রাহকদের অর্থ আমানত রাখে এবং তুলনামূলক বেশি সুদে গ্রাহকদের ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক হলো স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী প্রতিষ্ঠান।

প্রশ্ন: নিকাশঘর বলতে কী বোঝায়?
উত্তর:
 নিকাশঘর বলতে ব্যাংকের বাৎসরিক দেনা-পাওনার হিসাব নিষ্পত্তিকারী প্রতিষ্ঠানকে বোঝায়। দৈনন্দিন ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডারের আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা, তার সবশেষ হিসাব সংরক্ষণকে নিকাশঘর বলা হয়। অর্থাৎ নিকাশঘর হলো দেনা-পাওনা নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান।

  • মেজবাহউদ্দিন আহমেদ, প্রভাষক
    ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা