এসএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান: পর–পরাগায়নের কারণে উদ্ভিদে বৈচিত্র্য আসে
জীববিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: অনিয়ত পুষ্পমঞ্জরি কী? ব্যাখ্যা করো।
উত্তর: অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে, ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে। এ শাখার বৃদ্ধি অসীম হলে তাকে অনিয়ত পুষ্পমঞ্জরি বলে। অনিয়ত পুষ্পমঞ্জরির ক্ষেত্রে বয়ঃকনিষ্ঠ পুষ্প শীর্ষের দিকে এবং বয়োজ্যেষ্ঠ পুষ্প নিচের দিকে অবস্থান করে।
প্রশ্ন: কোন পরাগায়নে নতুন উদ্ভিদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উত্তর: পর–পরাগায়নে নতুন উদ্ভিদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয়। একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে, তখন তাকে পর–পরাগায়ন বলে। পর–পরাগায়নের ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয়, বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়, বীজ অধিক জীবনীশক্তিসম্পন্ন হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়। দুটি ভিন্ন গুণসম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে, তাই এর ফলে যে বীজ উত্পন্ন হয়, তা নতুন গুণসম্পন্ন হয় এবং বীজ থেকে যে গাছ জন্মায়, তা–ও নতুন গুণসম্পন্ন হয়। এ কারণে এসব গাছে নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়।
প্রশ্ন: চালতাকে কেন অপ্রকৃত ফল বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: গর্ভাশয়সহ ফুলের অন্যান্য অংশ পরিপুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয়, তখন তাকে অপ্রকৃত ফল বলা হয়।
চালতার ক্ষেত্রে গর্ভাশয়সহ ফুলের অন্যান্য অংশ পরিপুষ্ট হয়ে ফলে পরিণত হয়। এ জন্য চালতাকে অপ্রকৃত ফল বলা হয়।
প্রশ্ন: মাছে কোন ধরনের নিষেক ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর: মাছে বহিঃনিষেক ঘটে। যে নিষেক ক্রিয়া প্রাণিদেহের বাইরে সংঘটিত হয়, তা বহিঃনিষেক নামে পরিচিত। এ ধরনের নিষেক সাধারণত পানিতে বাস করে, এমন সব প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ। মাছে নিষেক ক্রিয়া প্রাণিদেহের বাইরে সংঘটিত হয়। তাই এটি বহিঃনিষেক।
প্রশ্ন: C3 উদ্ভিদ C4 উদ্ভিদ থেকে ভিন্ন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: নিচের কয়েকটি কারণে C3 উদ্ভিদ থেকে C4 উদ্ভিদ ভিন্ন:
১. C3 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ৩- কার্বনবিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। অপর দিকে C4 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
২. C3 উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার কম। অন্যদিকে C4 উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি।
৩. C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের উত্পাদনক্ষমতা বেশি।
৪. C3 চক্রকে ক্যালভিন চক্র এবং C4 চক্রকে হ্যাচ ও স্ন্যাক চক্র বলে।
৫. শীতপ্রধান অঞ্চলের উদ্ভিদে C3 চক্র এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলের উদ্ভিদে C4 চক্র সংঘটিত হয়।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা