এইচএসসি পরীক্ষা ২০২৬: জীববিজ্ঞানে ভালো নম্বর পেতে শিক্ষার্থীদের চা করতে হবে
জীববিজ্ঞান ১ম পত্র: পরামর্শ
প্রিয় পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের এইচএসসি পরীক্ষা চলছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ সিলেবাস ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। নির্ধারিত নম্বর বণ্টন অনুসারে জীববিজ্ঞান ১ম পত্র বিষয়ে সৃজনশীল অংশে ৫০, বহুনির্বাচনি অংশে ২৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বহুনির্বাচনি অংশ
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ সিলেবাসে হবে। তাই জীববিজ্ঞান ১ম পত্র বিষয়ের বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে দুটি করে প্রশ্ন থাকবে। সুতরাং বহুনির্বাচনি অংশে ভালো নম্বরের জন্য সংশ্লিষ্ট অধ্যায়ের বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্রের বিভিন্ন অংশ আন্ডারলাইন করে ভালোভাবে আত্মস্থ করতে হবে। বহুনির্বাচনি অংশে ২৫টি প্রশ্ন থেকে ২৫টি প্রশ্নেরই উত্তর করতে হয়। এ ক্ষেত্রে সময় বরাদ্দ থাকবে ২৫ মিনিট।
সৃজনশীল অংশ
সৃজনশীল অংশে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে। এ ক্ষেত্রে সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ৩৫ মিনিট। সৃজনশীল অংশে প্রতিটি প্রশ্নের জন্য ১০ নম্বর করে (১০×৫=৫০) নম্বর থাকবে। সৃজনশীল অংশে ভালো নম্বরের জন্য কোষ ও এর গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, অণুজীব, শৈবাল ও ছত্রাক, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদ প্রজনন ও জীবপ্রযুক্তি অধ্যায়গুলো যত্নসহকারে পড়তে হবে।
উত্তরে চিত্র আঁকবে
জীববিজ্ঞান ১ম পত্রে উত্তর প্রদানের সময় চিত্র দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই চিত্র ছাড়াই না বুঝে মুখস্থ করার চেষ্টা করে। চিত্রের সঙ্গে মিলিয়ে পুরো বিষয়টি বুঝে পড়লে তা সহজেই মনে থাকবে। কাজেই তোমাদের এ বিষয়টি লক্ষ রাখতে হবে।
∎ সৃজনশীল অংশে ‘ক’ নম্বর প্রশ্নটি জ্ঞানমূলক। এখানে পাঠ্যপুস্তকে উল্লিখিত কোনো সংজ্ঞা জানতে চাওয়া হয়। উদাহরণস্বরূপ প্রশ্ন করা হলো, মেটাকাইনেসিস কাকে বলে? সংজ্ঞাটি সঠিকভাবে লিখতে পারলে শিক্ষার্থী বরাদ্দকৃত পূর্ণ ১ নম্বর পাবে।
∎ ‘খ’ নম্বর প্রশ্নটি অনুধাবনমূলক। এখানে পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে হয়। প্রশ্ন করা হলো, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমীয় নৃত্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো। উত্তর প্রদানের ক্ষেত্রে মাইটোসিসের সংশ্লিষ্ট সঠিক ধাপটি লিখে ব্যাখ্যা করতে পারলেই বরাদ্দকৃত পূর্ণ ২ নম্বর পাবে।
∎ ‘গ’ নম্বর প্রশ্নটি প্রয়োগমূলক। ধরা যাক, উদ্দীপকের তিনটি চিত্রের মধ্যে মিয়োসিস প্রোফেজ-১–এর লেপ্টোটিন উপপর্যায়কে P দ্বারা চিহ্নিত করা হলো। প্রশ্ন করা হলো, P উপপর্যায়টি চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তর প্রদানের ক্ষেত্রে P উপপর্যায়টি চিনতে পারলে ১ নম্বর পাবে। চিহ্নিত চিত্র অঙ্কন করলে ২ নম্বর এবং উপপর্যায়টি ব্যাখ্যা করতে পারলে বরাদ্দকৃত পূর্ণ ৩ নম্বর পাবে।
∎ ‘ঘ’ নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক। উদ্দীপকের তিনটি চিত্রের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়টি যথাক্রমে মিয়োসিস প্রোফেজ-১–এর প্যাকাইটিন ও ডায়াকাইনেসিস উপপর্যায়, যা পর্যায়ক্রমে Q ও R দ্বারা চিহ্নিত করা হলো। প্রশ্ন করা হলো, জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তনে Q ও R–এর মধ্যে কোন উপপর্যায়টি অধিকতর ভূমিকা রাখে? বিশ্লেষণ করো। উত্তর প্রদানের ক্ষেত্রে, Q ও R–এর মধ্যে যেকোনো ১টি/২টি উপপর্য়ায় চিনতে পারলে ১ নম্বর পাবে। উপপর্যায় দুটির বৈশিষ্ট্য লিখলে ২ নম্বর পাবে। উপপর্যায় দুটির কোনটিতে ক্রসিংওভারের সূচনা ও কোনটিতে ক্রসিংওভার সম্পন্ন হয়— এই ধারণা উল্লেখ করতে পারলে ৩ নম্বর এবং উপপর্যায় দুটির বৈশিষ্ট্য, ক্রসিংওভারের সূচনা ও ক্রসিংওভার সম্পন্নকরণ উল্লেখের মাধ্যমে কোন উপপর্যায়টি জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তনে অধিকতর ভূমিকা রাখে, এ বিষয়ে মতামত প্রতিষ্ঠা করতে পারলেই বরাদ্দকৃত পূর্ণ ৪ নম্বর পাবে।
উত্তর প্রাসঙ্গিক
প্রশ্নের উত্তর ও সংশ্লিষ্ট চিত্র সঠিকভাবে আঁকা গুরুত্বপূর্ণ। কাজেই এখন থেকেই চিহ্নিত চিত্র আঁকার অভ্যাস করতে হবে। প্রশ্নের উত্তর যেন নির্ধারিত সময়েই শেষ করতে পারো, সে জন্য সময়কে ভাগ করে নেবে। প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হতে হবে। লেখা শেষে উত্তরপত্র অবশ্যই রিভিশন করবে। এতে কোনো ভুল হলে বা কিছু বাদ পড়লে সহজেই তা ঠিক করে নিতে পারবে।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষকসরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা