ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। লিখিত পরীক্ষায় ভালো করার পরামর্শ–২
একটি আদর্শ পড়াশোনার রুটিন তৈরি করা
ক্যাডেট কলেজের প্রস্তুতি এক বা দুই সপ্তাহে তাড়াহুড়া করে নেওয়া পড়াশোনায় হয় না। এর জন্য অন্তত ছয় মাস থেকে এক বছরের একটি ধারাবাহিক, নিয়মতান্ত্রিক ও পরিকল্পিত প্রস্তুতির প্রয়োজন। এই দীর্ঘ সময়কে আপনি তিনটি ধাপে ভাগ করে একটি চমৎকার রুটিন তৈরি করে নিতে পারেন:
প্রথম ধাপ (প্রথম ৩ মাস)—বেসিক বা ভিত্তি শক্ত করা: এ সময়ে আপনার মূল লক্ষ্য হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত ষষ্ঠ শ্রেণির মূল বইগুলোর (বিশেষ করে গণিত, বাংলা ও ইংরেজি) প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করা। কোনো অধ্যায় বাদ না দিয়ে খুঁটিনাটি সব নিয়ম ও সূত্র ভালোভাবে বুঝে আয়ত্ত করতে হবে।
দ্বিতীয় ধাপ (পরবর্তী ৩ মাস)—অ্যাডভান্সড প্রস্তুতি ও বিশ্লেষণ: মূল বই শেষ করার পর ক্যাডেট গাইড বা বিভিন্ন সহায়কমূলক বইয়ের সাহায্য নিতে হবে। এ সময়ে বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করতে হবে এবং ইংরেজিতে ফ্রি-হ্যান্ড রাইটিং, কঠিন ব্যাকরণ ও সাধারণ জ্ঞানের পরিধি বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে হবে।
তৃতীয় ধাপ (শেষ ২ মাস)—মডেল টেস্ট ও রিভিশন: প্রস্তুতির শেষ প্রান্তে এসে নতুন কিছু পড়ার চেয়ে রিভিশন দেওয়া বেশি জরুরি। এ সময়ে প্রতিদিন ঘড়ি ধরে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর নিজের ভুলগুলো চিহ্নিত করে তা শিক্ষকের সহায়তায় বা নিজে নিজে সংশোধন করে নিতে হবে।
বিশেষ পরামর্শ: ক্যাডেট ভর্তি পরীক্ষায় সফল হতে হলে প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছয় ঘণ্টা মনোযোগ দিয়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দৈনিক রুটিনে যেন গণিত সমাধান ও ইংরেজি চর্চার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট ও বড় সময় বরাদ্দ থাকে।
বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ
বিগত ১০-১৫ বছরের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করা বাধ্যতামূলক। এটি তোমাকে কয়েকটি বড় সুবিধা দেবে:
১. প্রশ্নের ধরন ও প্যাটার্ন কেমন হয়, তা বুঝতে পারবে।
২. কোন কোন অধ্যায় থেকে প্রতিবছর প্রশ্ন আসে, তা চিহ্নিত করতে পারবে।
৩. সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরীক্ষা শেষ করার একটি বাস্তবসম্মত ধারণা পাবে।
পরীক্ষায় ভালো করার বিশেষ কৌশল ও টিপস
পরীক্ষার হলে প্রস্তুতি ভালো থাকার পরও অনেকে সঠিক কৌশলের অভাবে খারাপ করে ফেলে। ক্যাডেট পরীক্ষার হলের জন্য নিচে দেওয়া হলো—
হস্তাক্ষর ও পরিচ্ছন্নতা: ক্যাডেট কলেজের খাতা যাঁরা মূল্যায়ন করেন, তাঁরা অত্যন্ত পরিচ্ছন্নতা পছন্দ করেন। হাতের লেখা সুন্দর করার চেয়ে বেশি জরুরি তা যেন স্পষ্ট ও পঠনযোগ্য হয়। কাটাকাটি যথাসম্ভব বর্জন করতে হবে। ভুল হলে দাগ দিয়ে কেটে পাশে পরিষ্কারভাবে লিখতে হবে।
টাইম ম্যানেজমেন্ট বা সময় সচেতনতা: ৩০০ নম্বরের জন্য সাধারণত ৩ ঘণ্টা সময় দেওয়া হয়। অর্থাৎ প্রতি ১ নম্বরের জন্য সময় পাবে ৩৬ সেকেন্ড। বড় প্রশ্নের পেছনে বেশি সময় নষ্ট না করে আগে সহজ ও ছোট প্রশ্নগুলোর উত্তর দেবে।
প্রশ্ন ভালোভাবে পড়া: অনেক সময় প্রশ্নের শেষে ‘নয়’ বা ‘কোনটি অসত্য’ লেখা থাকে, যা তাড়াহুড়ায় খেয়াল করে না। প্রশ্ন অন্তত দুবার মনোযোগ দিয়ে পড়ে উত্তর লেখা শুরু করবে।
নেগেটিভ মার্কিং সম্পর্কে সচেতনতা: যদি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটার নিয়ম থাকে, তবে নিশ্চিত না হয়ে আন্দাজে কোনো উত্তর দাগানো বা লেখা যাবে না।
আত্মবিশ্বাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণ: পরীক্ষার হলে নার্ভাস হওয়া যাবে না। কঠিন প্রশ্ন দেখলে ঘাবড়ে না গিয়ে শান্ত মাথায় চিন্তা করতে হবে। মনে রাখবে, প্রশ্ন কঠিন হলে তা সবার জন্যই কঠিন।
মানসিক প্রস্তুতি ও অভিভাবকদের ভূমিকা
ক্যাডেট কলেজে ভর্তির জন্য কেবল মেধাবী হওয়াই যথেষ্ট নয়, শিক্ষার্থীকে মানসিকভাবে দৃঢ় ও শারীরিকভাবে ফিট হতে হবে।
সুস্থতা প্রথম: পরীক্ষার আগে রাত জেগে পড়ালেখা করে শরীর খারাপ করা যাবে না। পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে।
অভিভাবকদের করণীয়: সন্তানকে অতিরিক্ত মানসিক চাপে রাখবেন না। ‘তোমাকে চান্স পেতেই হবে’—এমন চাপ দিলে শিশু পরীক্ষার হলে জানা জিনিসও ভুল করে আসবে। তাকে উৎসাহিত করুন এবং তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করুন।
সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও নিজের ওপর অবিচল আত্মবিশ্বাস থাকলে এই লিখিত পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করা অসম্ভব কিছু নয়। প্রতিদিনের ছোট ছোট প্রস্তুতিই পরীক্ষার দিনে একটি বড় সাফল্যে রূপান্তর হবে।
ইকবাল খান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা