বর্ণনামূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে

শ্রেণিকক্ষে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত এক শিক্ষার্থী

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। এসএসসি পর্যায়ে বাংলা প্রথম পত্রে সৃজনশীল অংশ ও বহুনির্বাচনি অংশের পাশাপাশি ২০২৬ সাল থেকে বর্তমানে নতুন করে সহপাঠে ‘বর্ণনামূলক প্রশ্ন’ যোগ করা হয়েছে। এটির নম্বর থাকবে ২০। জেনে নাও তার বিস্তারিত।

বর্ণনামূলক প্রশ্নের বিস্তারিত তথ্য

১. বর্ণনামূলক প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ২০ নম্বর।

২. প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে ১০ নম্বর।

৩. বর্ণনামূলক প্রশ্ন থাকবে সহপাঠ থেকে (উপন্যাস অংশ)।

৪. বর্ণনামূলক প্রশ্ন থাকবে মোট ৪টি। উত্তর দিতে ২টি প্রশ্নের।

৫. প্রতিটি প্রশ্নের দুটি অংশ থাকবে।

৬. ‘ক’ অংশের জন্য ৩ নম্বর এবং ‘খ’ অংশের জন্য ৭ নম্বর বরাদ্দ থাকবে।

জানার আছে অনেক কিছু

বর্ণনামূলক প্রশ্নোত্তর পর্বের এই অংশের উত্তর আসলে কীভাবে লিখতে হবে, কী কী লিখতে হবে, কত পৃষ্ঠা লিখতে হবে, কত প্যারা লিখলে সর্বোচ্চ নম্বর পাওয়ার সুযোগ তৈরি হবে—এ রকম নানা বিষয়ে শিক্ষার্থীদের কৌতূহলী প্রশ্নের উত্তর দিতে আজকের এ আয়োজন।

বর্ণনামূলক প্রশ্নোত্তর কাঠামো অংশে আছে

দুটি অংশ

প্রথম ‘ক’ প্রশ্নটির উত্তর হবে ছোট, নম্বর থাকবে ৩ এবং পরের ‘খ’ প্রশ্নের উত্তর হবে বিশদ ও যৌক্তিকভাবে বিশ্লেষণ, পর্যালোচনা বা মূল্যায়ন এবং নম্বর থাকবে ৭।

‘ক’ প্রশ্নের উত্তর লেখার নিয়ম

# ‘ক’ প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই শিক্ষার্থীকে পূর্ণ নম্বর পাওয়ার জন্য ‘টু দ্য পয়েন্টে’ বা যথাযথভাবে বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা উপস্থাপন করতে হবে।

# কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে বা কে, কেন উক্তিটি করেছে, তার প্রসঙ্গ ব্যাখ্যা করতে হবে (এর জন্য নম্বর বরাদ্দ ২)। এ ছাড়া শব্দচয়ন, বাক্য গঠন ও আনুষ্ঠানিক ভাষা ব্যবহার (এর জন্য বরাদ্দ ১ নম্বর) করতে হবে।

# এ ক্ষেত্রে উত্তর ৮ থেকে ১০ বাক্যের মধ্যে হতে পারে এবং তা দেড় থেকে দুই পৃষ্ঠার মধ্যে হতে পারে। এ প্রশ্নের উত্তর লেখার জন্য সময় পাবে মাত্র ৬ মিনিট।

# সরাসরি প্রশ্নের উত্তর লিখবে। ঔপন্যাসিক বা উপন্যাস সম্পর্কে কোনো রকম ভূমিকা বাক্য লেখার প্রয়োজন নেই।

# কতটি অনুচ্ছেদ বা প্যারা হবে, বোর্ড থেকে এর কোনো ধরাবাঁধা নির্দেশনা নেই। তবে তোমার ইচ্ছেমতো তুমি দুটি বা তিনটি প্যারায় উত্তর লিখতে পারবে।

‘খ’ প্রশ্নের উত্তর লেখার নিয়ম

# বর্ণনামূলক প্রশ্নোত্তর ‘খ’ লেখার সময় শিক্ষার্থীকে ‘টু দ্য পয়েন্টে’ বা যুক্তিপূর্ণভাবে বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা উপস্থাপন করতে হবে (এর জন্য নম্বর বরাদ্দ ২)। শব্দচয়ন, বাক্য গঠন ও আনুষ্ঠানিক ভাষা ব্যবহার (এর জন্য নম্বর বরাদ্দ ২) করতে হবে।

# বাক্য গঠন ও যতিচিহ্নের ব্যবহারে যত্নবান হতে হবে (এর জন্য নম্বর বরাদ্দ ২) এবং শুদ্ধ

বানানের (এর জন্য নম্বর বরাদ্দ ১) দিকে লক্ষ রাখতে হবে। এই সব বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষক নম্বর দেবেন।

# মনে রাখবে, বর্ণনামূলক প্রশ্নোত্তর অংশে পাঠ্য বিষয়ে সামগ্রিকতা ও পাঠের গভীরতা মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীরা কেবল তথ্য মুখস্থ না করে বরং বিষয়টি যৌক্তিকভাবে চিন্তা করে বিশ্লেষণ, পর্যালোচনা বা মূল্যায়ন করছে, তা যাচাই করা এর মূল লক্ষ্য।

# উত্তরটি ৩০-৩২টি বাক্যের মধ্যে লিখতে

পারো এবং তা ৪ থেকে ৫ পৃষ্ঠার মধ্যে হতে পারে। এ প্রশ্নের উত্তর লেখার জন্য সময় পাবে মাত্র ১৪ মিনিট।

আরও পড়ুন

# অনুচ্ছেদ বা প্যারা তোমার ইচ্ছেমতো করতে পারবে। শুধু প্রসঙ্গের পরিবর্তন ঘটলেই নতুন প্যারা শুরু করতে পারবে।

# উত্তর লেখার সময় তোমরা প্রসঙ্গক্রমে উপন্যাস থেকে কোনো কোটেশন বা উদ্ধৃতি ব্যবহার

করতে পারবে।

# উপন্যাস বা ঔপন্যাসিক সম্পর্কে কোনো রকম ভূমিকা বাক্য না লিখে সরাসরি প্রশ্নের চাওয়া অনুযায়ী উত্তর লেখা বাঞ্ছনীয় বা সবচেয়ে ভালো।

  • ফারুক আহমেদ আবির, প্রভাষক
    মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা