জাতিসংঘের ইয়ুথ টাউন হল এবার জার্মানিতে, বাংলাদেশের তরুণদের অংশ নিতে যা করতে হবে
তরুণদের জন্য জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ইয়ুথ টাউন হল ২০২৬। আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর জার্মানির হাইডেলবার্গে অনুষ্ঠেয় এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি তরুণ অংশ নেবেন। এ আয়োজনে অংশ নিতে সীমিতসংখ্যক তরুণকে ভ্রমণ ও অন্যান্য খরচে অর্থসহায়তা দেওয়া হবে।
জাতিসংঘের ইয়ুথ অফিস ও অংশীদারদের উদ্যোগে আয়োজিত এই টাউন হলে তরুণদের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার, জাতিসংঘ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বেসরকারি খাত ও অন্যান্য অংশীজন অংশ নেবেন।
আয়োজনে বড় পরিসরের আলোচনা, ফায়ারসাইড চ্যাট, গোলটেবিল বৈঠক ও ছোট দলের আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে বিভিন্ন প্রজন্ম ও খাতের নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
জার্মানির হাইডেলবার্গে জাতিসংঘের ইয়ুথ টাউন হলে ১৮ থেকে ৩৫ বছরের বাংলাদেশি তরুণেরা অংশ নিতে পারবেন। ইংরেজিতে দক্ষতা ও নেতৃত্ব অভিজ্ঞতা প্রয়োজন। নির্বাচিত প্রার্থীরা ভ্রমণ খরচের অর্থসহায়তা পাবেন।
কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের স্থানীয়, জাতীয়, আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগ, প্রকল্প, সংগঠন, আন্দোলন বা কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারাও আবেদনের অন্যতম শর্ত। আবেদনকারীকে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পুরো আয়োজন এবং এর আগে নির্ধারিত প্রস্তুতিমূলক সভাগুলোতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
তরুণ নেতৃত্ব, অ্যাডভোকেসি, স্বেচ্ছাসেবা, তৃণমূল পর্যায়ের সংগঠন বা উদ্যোগের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া টেকসই উন্নয়ন, মানবাধিকার, শান্তি ও নিরাপত্তা এবং আন্তপ্রজন্মীয় সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।
যেসব সুবিধা মিলবে
আয়োজনে নির্বাচিত অংশগ্রহণকারীদের সীমিতসংখ্যক অর্থসহায়তা দেওয়া হবে। এর আওতায় নিজ দেশের বাসস্থান থেকে জার্মানির অনুষ্ঠানস্থল পর্যন্ত যাওয়া-আসার বিমান টিকিটের খরচ দেওয়া হতে পারে। যাতায়াতের জন্য নির্ধারিত জাতিসংঘের হারে টার্মিনাল খরচ এবং ভ্রমণের সময় দৈনিক ভাতা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
এ ছাড়া ভিসা ফি পরিশোধের পর রসিদ জমা দিলে তা ফেরত দেওয়ার সুযোগ থাকবে। প্রতিবন্ধী তরুণদের জন্য প্রয়োজনীয় যৌক্তিক আবাসনের সহায়তাও দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (ইস্টার্ন টাইম)।
বিস্তারিত দেখুন ঠিকানায়। তথ্যসূত্র: অপরচুনিটি সার্কেল