দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বৈঠকে বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। তিনি দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে দেশের ভাষা শিক্ষা কেন্দ্র খুলতে বলেছেন, যাতে বেকার যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পান।
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠকে কীভাবে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টি করা যায় এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয় সে জন্য স্বল্প সুদে ব্যাংকঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।