১০০ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিতছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মঙ্গলবার শিক্ষার ১টিসহ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন করেছে।

এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন তিনটি ও সংশোধিত দুটি রয়েছে।

একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চলতি অর্থবছরের ১৩তম একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

আজকের সভায় অনুমোদিত পাঁচটি প্রকল্প হলো—প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’।

পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প। প্রকল্প ১. ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’। প্রকল্প ২. ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’। প্রকল্প ৩. ‘পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া ও কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন) প্রকল্প’।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ৪টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়।

সেগুলো হলো—

১. বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

২. নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সাভার স্থাপন প্রকল্প।

৩. বাংলাদেশ বিমানবাহিনী স্টেশন শমসেরনগর বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদানের সক্ষমতা বৃদ্ধির জন্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প।

৪. প্যাগোডাভিত্তিক প্রাক্‌-প্রাথমিক ও ত্রিপিটক শিক্ষা কার্যক্রম চতুর্থ পর্যায় প্রকল্প।

আরও পড়ুন

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন; পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন