মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত করা উচিত নয়: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
ফাইল ছবি

চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলে শুধু ব্যবসা করলেই হবে না, মানুষের সেবা করতে হবে। তিনি আরও বলেন, মেডিকেল কলেজকে অর্থ উপার্জনের যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে দ্রুত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে হবে।

আবদুল হামিদ আশাবাদ ব্যক্ত করেন, এ মেডিকেল কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক-কর্মচারীসহ সবাই নিরলস প্রচেষ্টা চালাবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কলেজের অধ্যক্ষ এ এন এম নওশাদ খান।

এদিকে গতকাল রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পাঁচ দিনের সফরে ২৭ ফেব্রুয়ারি পৈতৃক বাড়িতে পৌঁছান।