শিক্ষা ক্যাডার ছেড়ে ৯ কর্মকর্তা যোগ দিলেন নিরীক্ষা ও হিসাব, প্রশাসন ও পুলিশে
শিক্ষা ক্যাডারের ৯ কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। তাঁরা শিক্ষা ক্যাডার ছেড়ে নিরীক্ষা ও হিসাব, প্রশাসন ও পুলিশ ক্যাডারে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনই প্রশাসন ক্যাডারে, আর তিনজন নিরীক্ষা ও হিসাব, একজন পুলিশ ক্যাডারে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) উপপরিচালক পদও ছেড়েছেন একজন।
গতকাল রোববার (৭ জুন ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আলাদা আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনগুলোয় বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন অনুযায়ী তাঁদের নামের পাশে উল্লিখিত কারণে উল্লিখিত তারিখ থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
নড়িয়া সরকারি কলেজের প্রভাষক উল্লাস পাল ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদান করেছেন। এ জন্য তিনি শিক্ষা ক্যাডার ছাড়ার আবেদন করেছিলেন। আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সায়মা শারমিন শিক্ষা ক্যাডার ছেড়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেছেন।
নড়াইল সরকারি মহিলা কলেজের প্রভাষক শেখ মোহাম্মদ শরিফুল ইসলাম নিরীক্ষা ও হিসাব ক্যাডারে যোগ দিয়েছেন।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) উপপরিচালক মো. ওয়াজকুরনী পুলিশ ক্যাডারে যোগ দিয়েছেন। নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ টিপু সুলতান প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছেন। নোয়াখালী সরকারি মহিলা কলেজে বদলির আদেশাধীন সহযোগী অধ্যাপক মো. ছালাউদ্দিন নিরীক্ষা ও হিসাব ক্যাডারে যোগ দিয়েছেন।
এ ছাড়া মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক মো. মাজহারুল ইসলাম ও রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের প্রভাষক রিফা সোনিয়া প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছেন। আর পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল মাওয়া মৌসুমী নিরীক্ষা ও হিসাব ক্যাডারে যোগ দিয়েছেন।
এর আগে গত ৪ মে ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অন্য ক্যাডারে যোগ দিতে বিসিএস শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তা চাকরি ছেড়ে দেন। প্রশাসনসহ কয়েকটি বিসিএস ক্যাডারের চাকরিতে যোগ দেওয়ার জন্য এই চাকরি ছেড়েছেন।