ঢাকা মেডিকেলসহ ৫টি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার
ঢাকা মেডিকেল কলেজসহ দেশের পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে একটি মেডিকেল কলেজে উপাধ্যক্ষ নিয়োগের কথাও উল্লেখ রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মাজহারুল শাহীন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ মনির–উজ–জামান। তিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আঈনুল ইসলাম খান। তিনিও অধিদপ্তরে ওএসডি হিসেবে দায়িত্বে ছিলেন।
অন্যদিকে নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন।
একই সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির অ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।