যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার পিএইচডি ফেলোশিপ, অনুদান ৬০ হাজার ডলার

ছবি: ফ্রিপিক

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য গ্র্যাজুয়েট ফেলোশিপ আবেদন আহ্বান করেছে। এ ফেলোশিপে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ হাজার ডলার অনুদান পাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, স্বয়ংক্রিয় যানবাহন এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণারত শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য এ সুযোগ উন্মুক্ত।

ফেলোশিপের সুযোগ-সুবিধা—

এ ফেলোশিপের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ ৬০ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ অর্থ ব্যবস্থাপনা করা হবে। শিক্ষার্থীদের ভাতা, টিউশন ফি ও বাধ্যতামূলক ফি পরিশোধে এ অর্থ ব্যবহার করা যাবে। ফেলোশিপের অংশ হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের এনভিডিয়ার নির্ধারিত গবেষণা কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ করতে হবে। ফেলোশিপের শিক্ষাবর্ষ শুরুর আগে এ ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা—

এনভিডিয়ার এ ফেলোশিপের জন্য আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিস্টেম আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করতে হবে। আবেদনের আগে পিএইচডির প্রথম বছর সম্পন্ন করার পাশাপাশি গবেষণাপত্র বা অভিসন্দর্ভের বিষয়ে সক্রিয়ভাবে গবেষণায় যুক্ত থাকতে হবে।

ফেলোশিপের ৯ মাসের পুরস্কারকালজুড়ে আবেদনকারীকে পূর্ণকালীন পিএইচডি শিক্ষার্থী হিসেবে থাকতে হবে। এ সময়ের মধ্যে পিএইচডি সম্পন্ন করার পরিকল্পনা থাকলে আবেদন করা যাবে না। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত গবেষণা কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ করার সক্ষমতা থাকতে হবে।

এনভিডিয়ার পূর্ণকালীন কর্মী এবং প্রতিষ্ঠানের কর্মীদের নিকটাত্মীয়রা এ ফেলোশিপের জন্য যোগ্য নন।

ছবি: এআই

যেসব কাগজপত্র লাগবে—

আবেদনের সঙ্গে সর্বোচ্চ দুই পৃষ্ঠার গবেষণার সারসংক্ষেপ বা অভিসন্দর্ভের প্রস্তাব জমা দিতে হবে। এর সঙ্গে তথ্যসূত্র যুক্ত করা যাবে, যা দুই পৃষ্ঠার সীমার মধ্যে গণনা করা হবে না। এ ছাড়া যোগাযোগের তথ্যসহ জীবনবৃত্তান্ত (সিভি) দিতে হবে।

আবেদনকারীর জন্য অন্তত দুটি সুপারিশপত্র প্রয়োজন। এর মধ্যে একটি আবেদনকারীর গবেষণা তত্ত্বাবধায়ক বা অধ্যাপকের কাছ থেকে হতে হবে। সর্বোচ্চ তিনটি সুপারিশপত্র জমা দেওয়া যাবে। পাশাপাশি নির্ধারিত গ্রীষ্মকালীন ইন্টার্নশিপে সরাসরি অংশগ্রহণের বিষয়ে সম্মতি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

আবেদনের প্রক্রিয়া

পোর্টালে প্রোফাইল তৈরি করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর গবেষণার সারসংক্ষেপ বা অভিসন্দর্ভের প্রস্তাব, সিভি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৫ জানুয়ারি ২০২৭

আরও পড়ুন