ঢাবিতে পরীক্ষার সিদ্ধান্তকে স্বাগত, তবে হল খুলে দিয়ে
২৬ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। তারা বলেছে, ‘সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ’ এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক। তবে সংগঠনটির দাবি, পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিতে হবে।
আজ শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আখতার হোসেন৷
গত বৃহস্পতিবার হুট করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে ২৬ ডিসেম্বর থেকে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা হবে, তবে করোনার কারণে হলগুলো বন্ধই থাকছে।
ছাত্র অধিকার পরিষদের বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক। কিন্তু আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের প্রচণ্ড উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী ও ঢাকার বাইরের শিক্ষার্থীদের অনেকের জন্য এই সময়ে ঢাকায় থাকার জায়গার ব্যবস্থা করা সম্ভব নয়৷ ইতিমধ্যে পরীক্ষার্থীরা আবাসনের জন্য হল খুলে দেওয়ার পক্ষে বিভিন্ন মাধ্যমে তাঁদের দাবি তুলে ধরেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো আশানুরূপ কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের এই যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবির সঙ্গে একমত৷ উদ্ভূত সমস্যা সমাধানে তাই যথাযথ ব্যবস্থা নেওয়া সাপেক্ষে পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানায় সংগঠনটি।
এদিকে আবাসিক হল বন্ধ রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী)। ছাত্র ফ্রন্টের দাবি, স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিয়ে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেই পরীক্ষা নিতে হবে। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা।