৪৯ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকার

দীর্ঘদিন ধরে শূন্য হয়ে থাকা দেশের ৪৯টি সরকারি কলেজে একসঙ্গে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা কলেজও রয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তিনটি পৃথক প্রজ্ঞাপনে এসব কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এরপরও আরও অর্ধশতাধিক সরকারি কলেজে অধ্যক্ষের পদ শূন্য রয়েছে। নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষদের মধ্যে ঢাকা কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞানের অধ্যাপক আমেনা বেগম। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ সাবিকুন নাহার।

আরও পড়ুন

এ ছাড়া অন্যান্য কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশে সরকারি কলেজের সংখ্যা ৬৩২। গত সেপ্টেম্বর পর্যন্ত ১৪১টি সরকারি কলেজে অধ্যক্ষের পদ ফাঁকা ছিল। এরপর বিচ্ছিন্ন কিছু কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলেও বেশির ভাগ কলেজে অধ্যক্ষের পদটি ফাঁকাই ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শিগগিরই শূন্য থাকা অন্যান্য কলেজে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়াও শুরু করা হবে।