রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি, জেনে নিন সব তথ্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২১ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হবে। আবেদন ফরম ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তির যোগ্যতা, বিস্তারিত তথ্য, পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং প্রাথমিক আবেদনপত্রের নমুনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ–সংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে নিজ দায়িত্বে জেনে নিতে পারবেন। বিস্তারিত তথ্যসহ পূর্ণ বিজ্ঞপ্তি এবং প্রাথমিক আবেদনপত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd/ www.ru.ac.bd/administration/other-offices/academicsection-2- তে পাওয়া যাবে।
ভর্তির প্রাথমিক আবেদনপত্রে সরবরাহ করা তথ্যাদি ভুল প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট বিভাগ/দপ্তর থেকে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি–সংক্রান্ত অন্যান্য শর্তাবলি নিজ দায়িত্বে জেনে নিতে পারবেন।
প্রাথমিক আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদ ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে। এমফিল কোর্সে গবেষণার জন্য ১ (এক) বছর এবং পিএইচডির জন্য ২ (দুই) বছরের ছুটি পাবেন—এই মর্মে সম্মতিপত্র (নিয়োগকারী কর্তৃপক্ষের) অবশ্যই আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এমফিল/পিএইচডি ফেলোদের ফেলোশিপ প্রদান করা হবে। তবে চাকরিরত ফেলোদের ছুটি শেষ হলে তাঁদের ফেলোপিশ প্রদান করা হবে না। এমফিল/পিএইচডি কোর্সে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার দ্বারা নির্বাচন করা হবে।
এমফিল/পিএইচডি প্রোগ্রামে খণ্ডকালীন গবেষণা
ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা এমফিল/পিএইচডি প্রোগ্রামে খণ্ডকালীন গবেষক (Part-Time Researcher) হিসেবে ভর্তি হতে পারবেন। খণ্ডকালীন গবেষকের গবেষণাকালীন আবশ্যিক ছুটি নেওয়ার বাধ্যবাধকতা থাকবে না (চাকরিজীবীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র থাকতে হবে)। খণ্ডকালীন গবেষণায় ভর্তি হলে গবেষককে পূর্ণকালীন গবেষণায় স্থানান্তরিত করা যাবে না।
খণ্ডকালীন গবেষককে এমফিল প্রোগ্রাম ন্যূনতম ৩ (তিন) বছর থেকে সর্বোচ্চ ৬ (ছয়) বছরের মধ্যে এবং পিএইচডি প্রোগ্রাম ন্যূনতম ৫ (পাঁচ) বছর থেকে সর্বোচ্চ ৮ (আট) বছরের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে এমফিল/পিএইচডির অন্যান্য বিধি খণ্ডকালীন গবেষকদের জন্য প্রযোজ্য হবে। খণ্ডকালীন গবেষককে বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের স্কলারশিপ/আর্থিক অনুদান/নিয়মিত গবেষকের সুবিধাদি প্রদান করা হবে না। যেসব খণ্ডকালীন এমফিল গবেষক তাঁদের এমফিল গবেষণা বিধি মোতাবেক পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরিত করতে ইচ্ছুক, তাঁদের নিয়মিত গবেষকদের জন্য প্রযোজ্য ২ (দুই) বছরের পরিবর্তে ৩ (তিন) বছরের মধ্যে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে।